জুলাই শহিদদের প্রতি রাসিক প্রশাসকের শ্রদ্ধা
শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সঙ্গে শ্রদ্ধা নিবেদন

নিজস্ব প্রতিবেদক: জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী সকল শহিদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
প্রথমে রাজশাহী সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জুলাই শহিদ পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে তিনি পুনরায় শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় মহান জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহিদদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
জুলাই শহিদ দিবস উপলক্ষে রাজশাহী সিটি কর্পোরেশনের এ শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মহান জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শন করা হয়।




