ইয়ামালকে ‘ঘরে আটকে’ রাখতে চান স্কালোনি

স্পেনের তরুণ তারকাকে বড় হুমকি মানছেন আর্জেন্টিনা কোচ, প্রশংসায় ভাসালেন ১৯ বছর বয়সী উইঙ্গারকে

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬; সময়: ১২:১৪ pm | 
খবর > খেলা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে স্পেনের সবচেয়ে বড় অস্ত্র হিসেবে ধরা হচ্ছে তরুণ উইঙ্গার লামিন ইয়ামালকে। আর্জেন্টিনার বিপক্ষে তার গতিময় ফুটবল এবং আক্রমণভাগে প্রভাব নিয়ে সতর্ক আলবিসেলেস্তেদের প্রধান কোচ লিওনেল স্কালোনি। তবে তাকে কীভাবে থামানো হবে-এ প্রশ্নের জবাবে রসিকতাই করলেন আর্জেন্টাইন কোচ।

ফাইনাল-পূর্ব সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, “ইয়ামালকে কীভাবে থামানো যাবে? আমরা যদি তাকে তার রুমে আটকে রাখতে পারতাম!

রসিকতা করলেও স্পেনের এই তরুণ তারকার প্রতি নিজের মুগ্ধতা গোপন করেননি তিনি। স্কালোনি বলেন, “সে অসাধারণ একজন ফুটবলার। ফুটবলের জন্য সে অমূল্য সম্পদ। তার বয়স এখনো খুব কম, কিন্তু সামনে সে এই খেলাকে আরও অনেক কিছু উপহার দিতে পারবে।

বিশ্বকাপের শুরুতে হ্যামস্ট্রিং চোট কাটিয়ে মাঠে ফিরলেও প্রতি ম্যাচে নিজের ছন্দ ফিরে পেয়েছেন বার্সেলোনার এই উইঙ্গার। টুর্নামেন্ট যত এগিয়েছে, ইয়ামালের পারফরম্যান্সও তত উজ্জ্বল হয়েছে।

সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে তার দুর্দান্ত গতি ও নিখুঁত মুভমেন্ট থেকেই পেনাল্টি আদায় করে নেয় স্পেন। সেই গোলেই এগিয়ে যায় দলটি এবং পুরো ম্যাচজুড়েই প্রতিপক্ষের রক্ষণভাগকে চাপে রাখেন ইয়ামাল।

বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে তাই স্পেনের আক্রমণভাগের সবচেয়ে বড় ভরসা ইয়ামালকে নিয়েই আর্জেন্টিনার মূল পরিকল্পনা সাজাতে হবে বলে মনে করছেন ফুটবল বিশ্লেষকরা। দুই দলের বহুল প্রতীক্ষিত এই লড়াইয়ে তরুণ এই তারকার পারফরম্যান্সই ম্যাচের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন