আওয়ামী লীগ নেতাকে গলাকেটে হত্যা

রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ, পরদিন বাগানের জঙ্গলে মিলল লাশ

প্রকাশিত: জুলাই ১৮, ২০২৬; সময়: ৭:৩১ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, পাবনা : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ভুলবাড়ীয়া ইউনিয়নের রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগানের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আব্দুস শুকুর (৪০) রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ভুলবাড়ীয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা রাতভর আত্মীয়স্বজন ও পরিচিতদের কাছে খোঁজ করেও তাঁর কোনো সন্ধান পাননি।

শনিবার বিকেলে স্থানীয়রা রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে গলাকাটা অবস্থায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

ভুলবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুসের ছেলে রুমি হোসেন জানান, নিহত আব্দুস শুকুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

আতাইকুলা থানার ওসি মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন