পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬; সময়: ৪:১৬ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক : নীট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে দেশজুড়ে কয়েক সপ্তাহের বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। খবর এনডিটিভির।

শনিবার (২৫ জুলাই) ককক্রোচ জনতা পার্টি (সিজেপি) ও কেন্দ্র সরকারের মধ্যে তৃতীয় দফা বৈঠকের কয়েক ঘণ্টা আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া এক পোস্টের মাধ্যমে তিনি এ তথ্য জানান।

ধর্মেন্দ্র প্রধান বলেন, আমি দেশের তরুণদের আকাঙ্ক্ষা, অনুভূতি এবং ন্যায্য প্রত্যাশার প্রতি গভীর শ্রদ্ধা রাখি। ভারতের তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণ করা আমাদের রাজনৈতিক ও সামাজিক জীবনের নৈতিক সংকল্প। দূরদর্শী নেতৃত্বের অধীনে দেশসেবার সুযোগ দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

দিল্লির যন্তর মন্তরে এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের প্রধান দাবি ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। এর আগে, শনিবার সকালে সিজেপি স্পষ্ট করে জানিয়েছিল, সরকার ধর্মেন্দ্র প্রধানকে বরখাস্ত না করলে কোনো আলোচনা হতে পারে না।

উল্লেখ্য, আন্দোলনকারীদের প্রধান দাবিগুলো ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়া এবং নিট প্রশ্নপত্র ফাঁসের পর আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়া।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন