ফেসবুকে ফ্রিতেই মিলবে ভেরিফায়েড ব্যাজ
সেলফি ভিডিও দিয়ে পরিচয় যাচাই, নির্দিষ্ট শর্ত পূরণ করলেই মিলবে নতুন সুবিধা

পদ্মাটাইমস ডেস্ক : ফেসবুক ব্যবহারকারীদের জন্য নতুন পরিচয় যাচাই ব্যবস্থা চালু করতে যাচ্ছে মেটা। ফেসবুক ভেরিফায়েড নামে এই নতুন সুবিধার মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণ করলে কোনো অর্থ পরিশোধ ছাড়াই ভেরিফায়েড ব্যাজ পাওয়া যাবে। ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভুয়া পরিচয়ের বিস্তার কমাতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
নতুন ব্যবস্থায় ভেরিফিকেশনের জন্য ব্যবহারকারীকে একটি সংক্ষিপ্ত সেলফি ভিডিও জমা দিতে হবে। এরপর মেটার স্বয়ংক্রিয় প্রযুক্তি ভিডিওটির সঙ্গে প্রোফাইল ছবির মিল যাচাই করে পরিচয় নিশ্চিত করবে। তথ্য সঠিক হলে কয়েক মিনিটের মধ্যেই ব্যবহারকারীর অ্যাকাউন্টে ভেরিফায়েড ব্যাজ যুক্ত হবে।
তবে এই সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। আবেদনকারীর বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এছাড়া প্রতারণা, ভুয়া তথ্য প্রচার বা ফেসবুকের কমিউনিটি নীতিমালা লঙ্ঘনের ইতিহাস থাকলে আবেদন বাতিল হতে পারে।
প্রথম ধাপে ভেরিফায়েড ব্যাজটি ব্যবহারকারীর প্রোফাইল, গ্রুপ, মার্কেটপ্লেস এবং ফেসবুক ডেটিং সেবায় প্রদর্শিত হবে। পরবর্তী সময়ে এটি ফেসবুক ফিডের পোস্টেও দেখানোর পরিকল্পনা রয়েছে। একবার পরিচয় যাচাই সম্পন্ন হলে পুরো ফেসবুক প্ল্যাটফর্মেই এই ব্যাজ কার্যকর থাকবে।
মেটা জানিয়েছে, নতুন ফেসবুক ভেরিফায়েড।সেবা তাদের বিদ্যমান মেটা ভেরিফায়েড সাবস্ক্রিপশনের বিকল্প নয়। মেটা ভেরিফায়েড একটি অর্থের বিনিময়ে পাওয়া সেবা, যেখানে অতিরিক্ত গ্রাহক সহায়তা ও বিভিন্ন প্রিমিয়াম সুবিধা দেওয়া হয়। অন্যদিকে নতুন এই বিনামূল্যের সুবিধার উদ্দেশ্য কেবল ব্যবহারকারীর পরিচয় নিশ্চিত করা; এতে অতিরিক্ত গ্রাহক সহায়তা বা প্রিমিয়াম সুবিধা থাকবে না।
প্রথম পর্যায়ে বিশ্বের কয়েকটি দেশে এই সেবা চালু করা হবে। পরে ধাপে ধাপে অন্যান্য দেশেও এটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। মেটার প্রত্যাশা, নতুন উদ্যোগ ফেসবুককে আরও নিরাপদ, নির্ভরযোগ্য ও বিশ্বাসযোগ্য সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।




