মান্দায় বণিক সমিতির নির্বাচন, সভাপতি এমদাদুল ও সম্পাদক রাশেদুল

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৬; সময়: ১০:০৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার বানিসর (কালিতলা) বাজার বণিক সমিতির দুই বছর মেয়াদি কমিটির নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বানিসর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে এমদাদুল হক খাঁন, সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে আকবর হোসেন খান বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, মোট ১৪৫ জন ভোটারের মধ্যে ১৪৪ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় শতভাগ ভোটগ্রহণের নজির সৃষ্টি করেছে।

সভাপতি পদে আফাজ উদ্দিন মোল্লা (বাস) ও এমদাদুল হক খাঁন (মোটরসাইকেল), সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান (তরমুজ) ও সিরাজুল ইসলাম (আনারস) এবং কোষাধ্যক্ষ পদে আলমগীর হোসেন (দোয়েল পাখি) ও আকবর হোসেন খান (মাছ) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

ফলাফলে সভাপতি পদে এমদাদুল হক খাঁন ৯৭ ভোট, সাধারণ সম্পাদক পদে এসএম রাশেদুল হাসান ১০১ ভোট এবং কোষাধ্যক্ষ পদে আকবর হোসেন খান ৭৬ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আফাজ উদ্দিন মোল্লা। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন পরানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইলিয়াস খান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতাউর রহমান, আকরাম হোসেন, নুর নবী সরদার মিন্টু ও মনসুর রহমান। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন মীর মোস্তাক আহমেদ। তিনি ভোট গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন