থানচির সাঙ্গু নদীতে নৌকাডুবি: নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
তিন দিন পর ভেসে ওঠে জাওয়াদ উল ইসলাম মাহিয়ানের মরদেহ, যৌথ অভিযানে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বান্দরবান : বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় তিন দিন ধরে নিখোঁজ থাকা পর্যটক মো. জাওয়াদ উল ইসলাম মাহিয়ান (২৪)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) সকালে থানচি উপজেলার রাজাপাথর এলাকায় সাঙ্গু নদীতে মরদেহটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা। পরে বিজিবি ও ফায়ার সার্ভিসের যৌথ অভিযানে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত জাওয়াদ উল ইসলাম মাহিয়ান ময়মনসিংহ জেলার মাসকান্দা এলাকার বাসিন্দা। তিনি মো. হেলাল উদ্দিন ও মোছা. দেলোয়ারা আক্তারের ছেলে।
জানা গেছে, গত ২৪ জুলাই শুক্রবার বিকেল ৫টা ২১ মিনিটে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি)-এর টেন্ডুমুখ ক্যাম্পের দায়িত্বপূর্ণ বড়পাথর এলাকায় তীব্র স্রোতের মধ্যে সাত আরোহী নিয়ে একটি পর্যটকবাহী নৌকা ডুবে যায়।
ঘটনার পরপরই বিজিবি উদ্ধার অভিযান শুরু করে। অভিযানে চার পর্যটক, নৌকার মাঝি এবং একজন পর্যটক গাইডসহ মোট ছয়জনকে জীবিত উদ্ধার করা হয়। তবে জাওয়াদ উল ইসলাম মাহিয়ান নিখোঁজ ছিলেন। টানা তিন দিনের অনুসন্ধান শেষে রোববার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধার অভিযানে বিজিবির চারটি টহলদল, ফায়ার সার্ভিস, স্থানীয় জনপ্রতিনিধি, মাঝি, পর্যটক গাইড ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। ডুবুরি সংকটের কারণে চট্টগ্রাম থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলও আনা হয়েছিল।
এদিকে, নৌকাডুবির ঘটনার পর নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের জারি করা গণবিজ্ঞপ্তি অনুযায়ী থানচি সদর থেকে তিন্দুমুখ পর্যন্ত নৌপথ আগামী ৩০ জুলাই ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে।




