সাবেক রাষ্ট্রপতি হিসেবে সব সুবিধা পাবেন সাহাবুদ্দিন: স্বরাষ্ট্রমন্ত্রী
আইন অনুযায়ী নিরাপত্তা ও অন্যান্য প্রাপ্য সুবিধা নিশ্চিতের কথা জানাল সরকার

পদ্মাটাইমস ডেস্ক : সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আইন অনুযায়ী একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে প্রাপ্য সব ধরনের সুযোগ-সুবিধা পাবেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৬ জুলাই) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন সব ধরনের সুবিধা পাওয়ার অধিকারী। তার নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা বাহিনী (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া বিধি অনুযায়ী ছয় মাসের নিরাপত্তা ব্যবস্থাও বহাল থাকবে।
মো. সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবির বিষয়ে প্রশ্ন করা হলে সালাহউদ্দিন আহমদ বলেন, সংকটকালীন সময়ে তিনি সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন এবং সে সময় রাষ্ট্রপতির সাংবিধানিক দায়মুক্তি ও বিশেষ সুরক্ষা কার্যকর ছিল।
তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনের সময়কার বিষয়ে সংবিধান নির্ধারিত সুরক্ষা বিদ্যমান ছিল। তবে দায়িত্বের বাইরের কোনো বিষয়ে কেউ মতামত বা অভিযোগ উত্থাপন করলে তা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়ায় বিবেচিত হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গণঅভ্যুত্থানের পর দেশে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, যার মধ্যে এনসিপিও রয়েছে, মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছে। তবে সরকারের দৃষ্টিতে এখন পর্যন্ত আমলে নেওয়ার মতো নতুন কোনো বিষয় পাওয়া যায়নি।




