এবার হাল্ক-স্পাইডার ম্যান মুখোমুখি

‘ব্র্যান্ড নিউ ডে’ ট্রেলারে চমক, পাঁচ বছর পর ফিরছেন টম হল্যান্ড

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬; সময়: ৪:২১ pm | 
খবর > বিনোদন

বিনোদন ডেস্ক: পাঁচ বছর পর আবারও স্পাইডার-ম্যান চরিত্রে ফিরছেন টম হল্যান্ড। তার অভিনীত নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর চূড়ান্ত ট্রেলার প্রকাশ করেছে সনি পিকচার্স। ট্রেলারে সবচেয়ে বড় চমক হিসেবে দেখা গেছে, স্পাইডার-ম্যানের প্রতিপক্ষ হিসেবে হাজির হয়েছেন মার্ক রাফালো অভিনীত হাল্ক।

এর আগে ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ একই দলে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করতে দেখা গেলেও এবার দুই সুপারহিরোকে একে অপরের বিপক্ষে অবস্থান নিতে দেখা গেছে। ফলে সিনেমাটি নিয়ে মার্ভেল ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত সিনেমাটি আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। তবে বাংলাদেশসহ কয়েকটি দেশে ৩০ জুলাই থেকেই প্রদর্শন শুরু হতে পারে। দেশের দর্শকরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করার সুযোগ পাবেন।

সিনেমার গল্প শুরু হয়েছে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার প্রায় পাঁচ বছর পর। আগের সিনেমার শেষে পিটার পার্কারকে ঘিরে সবার স্মৃতি মুছে যাওয়ার পর সে একাকী জীবন বেছে নেয় এবং নিউইয়র্ক শহরকে রক্ষাই তার প্রধান দায়িত্ব হয়ে ওঠে।

কিন্তু দায়িত্বের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে পিটারের শরীরে অদ্ভুত পরিবর্তন দেখা দেয়, যা তার অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। একই সময়ে এক নতুন অপরাধচক্রের সূত্র ধরে সে এমন এক শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি হয়, যে তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

২০১৬ সালে ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার’ সিনেমার মাধ্যমে প্রথম স্পাইডার-ম্যান চরিত্রে অভিষেক হয় টম হল্যান্ডের। এরপর ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’, ‘ফার ফ্রম হোম’, ‘নো ওয়ে হোম’, ‘অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার’ এবং ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ অভিনয় করে বিশ্বজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন তিনি।

নতুন এই সিনেমায় টম হল্যান্ডের সঙ্গে অভিনয় করেছেন জেন্ডায়া, জ্যাকব ব্যাটালন, মার্ক রাফালো, জন বার্নথাল, মাইকেল মান্ডো এবং স্যাডি সিঙ্ক। চিত্রনাট্য লিখেছেন ক্রিস ম্যাককেনা ও এরিক সোমার্স। প্রযোজনায় রয়েছেন অ্যামি প্যাসকেল ও কেভিন ফেইজ। সিনেমাটি প্রযোজনা ও পরিবেশনার দায়িত্বে রয়েছে সনি পিকচার্স।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন