বিকেলে পর্দা নামছে নতুন কুঁড়ির প্রথম আসরের
গ্র্যান্ড ফাইনালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পদ্মাটাইমস ডেস্ক : দুই মাসেরও বেশি সময় ধরে দেশজুড়ে চলা ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর প্রথম আসরের সমাপনী অনুষ্ঠান আজ সোমবার (২৭ জুলাই) অনুষ্ঠিত হবে। রাজধানীর আর্মি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া জাতীয় পর্বের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক বক্তব্যের পর বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিশু-কিশোরদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। পরে বিজয়ীদের সঙ্গে আনুষ্ঠানিক আলোকচিত্রে অংশ নেবেন অতিথিরা।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, বিকেল ৪টায় প্রধানমন্ত্রী ভেন্যুতে পৌঁছে রাজশাহী ও রংপুর অঞ্চলের মধ্যে অনুষ্ঠিত বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করবেন। এরপর বালক ও বালিকা বিভাগের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে।
খেলা শেষে প্রদর্শিত হবে প্রতিযোগিতা নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র। পাশাপাশি থিম সংয়ের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনাও থাকবে সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর আঞ্চলিক পর্বের উদ্বোধন করেন। দেশের উপজেলা ও জেলা পর্যায় থেকে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রায় ১ লাখ ৭০ হাজার শিশু-কিশোর ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টস—এই আটটি ডিসিপ্লিনে অংশ নেয়।
আঞ্চলিক পর্ব শেষে গত ২০ জুলাই ঢাকার বিভিন্ন ভেন্যুতে শুরু হয় জাতীয় পর্ব। এতে দেশের ১০টি অঞ্চল থেকে প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ ও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিযোগিতায় প্রতিভার স্বাক্ষর রাখা খেলোয়াড়দের বিশেষ তালিকাভুক্ত করা হয়েছে। নির্বাচিতদের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর বিভিন্ন শাখায় প্রশিক্ষণের মাধ্যমে আন্তর্জাতিক মানের ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলা হবে।
এ উদ্যোগের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো শিশু-কিশোরদের ডিজিটাল গ্যাজেটের অতিনির্ভরতা থেকে দূরে রেখে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারায় উৎসাহিত করা।




