তানোরে ২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার
ডিবি পুলিশের অভিযানে উদ্ধার মাদক, তিন আসামির বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টা থেকে ১১টা ১০ মিনিটের মধ্যে উপজেলার ১ নম্বর কলমা ইউনিয়নের কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজের দক্ষিণ পাশে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. জহুরুল ইসলাম (২৮), মো. কামরুল ইসলাম (২৫) এবং মো. মানিক মিয়া (২৮)। তাদের মধ্যে জহুরুল ইসলাম ও কামরুল ইসলাম রাজশাহীর মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বাসিন্দা। অপর আসামি মানিক মিয়া গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামের বাসিন্দা।
রাজশাহী জেলা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (নিরস্ত্র) মো. মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল তালন্দ বাজার ও আশপাশের এলাকায় অবস্থান নেয়। পরে তথ্যের সত্যতা নিশ্চিত হলে কুজিশহর গ্রামের বেলতলা বেইলি ব্রিজসংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাদের আটক করা হয়। পরে জহুরুল ইসলামের হাতে থাকা একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ তল্লাশি করে দুটি পৃথক প্যাকেটে রাখা মোট ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশ জানিয়েছে, আসামিদের আদালতে সোপর্দ করে পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করা হবে।




