১২ বছর পর রুয়েটে প্রো-ভিসি নিয়োগ

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬; সময়: ১১:০৫ pm | 
খবর > লিড

নিজস্ব প্রতিবেদক : দীর্ঘ ১২ বছর পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) নতুন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রো-ভিসি) পেল। বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আখতার হোসেনকে এ পদে নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৩-এর ২১(১) ধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ড. মো. আখতার হোসেন যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসরের নির্ধারিত তারিখ পর্যন্ত-যেটি আগে হবে- প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি বিধি অনুযায়ী নির্ধারিত বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আইন ও বিধি অনুযায়ী প্রো-ভাইস চ্যান্সেলরের ওপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। জনস্বার্থে প্রয়োজন হলে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

অধ্যাপক ড. মো. আখতার হোসেন রুয়েটের পুরকৌশল বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক। দীর্ঘদিন ধরে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম, শিক্ষা-গবেষণা এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডে আরও গতি আসবে।

উল্লেখ্য, রুয়েটে সর্বশেষ প্রো-ভিসি হিসেবে দায়িত্ব পালন করেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের অধ্যাপক ড. মর্ত্তুজা আলী। তিনি ২০১০ সালের ১২ অক্টোবর দায়িত্ব গ্রহণ করেন এবং ২০১৪ সালের ১১ অক্টোবর তাঁর চার বছরের মেয়াদ শেষ হয়। এরপর প্রায় ১২ বছর ধরে বিশ্ববিদ্যালয়টির প্রো-ভিসির পদটি শূন্য ছিল। নতুন নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘদিনের সেই শূন্যতা পূরণ হলো।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন