রাজশাহীতে র‌্যাবের অভিযান অস্ত্র-গুলি ও মাদক উদ্ধার

প্রকাশিত: জুলাই ২৮, ২০২৬; সময়: ৫:১৯ pm | 
খবর > রাজশাহী
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার নাদের হাজীর মোড় এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে দুইটি পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫।
মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‌্যাব-৫-এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
র‌্যাব-৫ জানায়, নাদের হাজীর মোড় এলাকায় বারু মিয়ার পরিত্যক্ত ইটের তৈরি বসতবাড়িতে তল্লাশি চালানো হয়। এ সময় বাড়িটির বাথরুমের জন্য নির্মিত বাঁশের মাচার নিচ থেকে দুইটি কালো রঙের পিস্তলের ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, ৫০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, দেড় পিস ইয়াবা, এক পুরিয়া গাঁজা, একটি গাঁজা সেবনের কলকি, এক সেট তাস, তিনটি প্লাস্টিকের পাইপ, একটি সামুড়া, দুইটি হাসুয়া, একটি কাস্তে, দুইটি ছুরি এবং একটি মাছ ধরার কোচ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে হস্তান্তর করা হয়েছে। র‌্যাব-৫-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সন্ত্রাস, অস্ত্র ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন