গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৩; সময়: ১২:০৫ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, ঈশ্বরদী : পাবনার ঈশ্বরদীতে গরুচোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার মুলাডুলি ইউনিয়নের গোয়াল বাথান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। ঘটনা শুনে আজ শুক্রবার সকালে ঈশ্বরদী থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়।

ঘটনার তিনজন প্রত্যক্ষদর্শীর ভাষ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে ইদ্রিস আলীর বাড়িতে গরু চুরি করতে যান ওই ব্যক্তি।গোয়াল থেকে গরু নিয়ে পালানোর সময় বাড়ির সদস্যরা টের পেয়ে প্রতিবেশীদের ডাকেন।

একপর্যায়ে গ্রামের তালতলা কোম্পানি মাঠে তাকে দেখতে পায় গ্রামবাসী। তারা গরুচোর সন্দেহে তাকে ধরে নিয়ে আসে। এরপর সবাই মিলে পিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। উপর্যুপরি মারধরের কারণেই তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।

সুরতহাল প্রতিবেদন তৈরির পর নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।পাশাপাশি নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন