এনায়েতপুরে তৃণমূল আ.লীগের ঐক্যে লতিফ বিশ্বাসের সমাবেশ

প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৩; সময়: ২:৪০ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জ-৫ সংসদীয় আসনের তৃণমূল আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করতে সাবেক মন্ত্রী জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস এনায়েতপুরে সমাবেশ করেছেন। রবিবার সন্ধ্যায় থানার গোপরেখী ফুটানী মার্কেটে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এসময় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস, বেলকুচি উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি গাজী লুৎফর রহমান মাখন, দলের নেতা গাজী ফললুল হক ভাষানী, ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, জাহাঙ্গীর হোসেন জাহিদ, আশিকুর রহমান লাজুক বিশ্বাস, মনিরুজ্জামান মনি, মীর্জা শরিফুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শামীমা খাতুন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গোপাল চন্দ্র প্রমানিক, সাধারণ সম্পাদক কামাল আহম্মেদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি সাহেব আলী, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন মিয়া প্রমূখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লতিফ বিশ্বাস বলেন, জাতির জনক শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের ভৌগোলিক মুক্তির রোল মডেল। আর তার যোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছেন অর্থনৈতিক মুক্তির রোল মডেল।

উন্নয়নের বিশ্ব কাঁপানো রোল মডেল। শেখ হাসিনা সরকারের ধারাবাহিকতায় প্রায় ১৫ বছরে বাংলাদেশ উন্নয়ন-অগ্রগতির সব সূচকে যুগান্তকারী মাইলফলক স্পর্শ করেছে। জনগণের আস্থা ও সমর্থন নিয়ে শেখ হাসিনার সরকার সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করে চলেছেন। মেড ইন বাংলাদেশ নামে বিশ্বে পরিচিতি দিয়েছে পোশাক খাত।

ইতোমধ্যে মিলেছে মধ্যম আয় ও উন্নয়নশীল দেশের স্বীকৃতি। লাল-সবুজের পতাকা নিয়ে মহাকাশে ভাসছে বঙ্গবন্ধু স্যাটেলাইট।

বর্তমানে গার্মেন্ট শিল্পে চীনের পরেই আমাদের অবস্থান। তাই দেশের উন্নয়নের স্বার্থে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে।

এজন্য তৃণমূল আওয়ামী লীগের ভুমিকাই অন্যতম। তাদের নিঃস্বার্থ অক্লান্ত পরিশ্রমে ভোটে জিতে বারবার ক্ষমতায় এসে দেশ ও জনগণের জন্য ভূমিকা রাখছে আওয়ামী লীগ।

 

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন