অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ বাংলাদেশ : খাদ্যমন্ত্রী

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৩; সময়: ১২:৩৪ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ : ধর্মীয় সম্প্রীতি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। বিশ্বে অসাম্প্রদায়িক চেতনার বিরল উদাহরণ বাংলাদেশ বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বুধবার সকালে নওগাঁ সদরের কালীতলায় শ্রী শ্রী বুড়া কালীমাতার পূজামন্ডপ প্রাঙ্গণে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সব ধর্মের মূল বাণী মানুষের কল্যাণ উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলেন, আদিকাল থেকেই এ দেশে প্রতিটি ধর্মীয় উৎসব সাধারণ মানুষের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়ে আসছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের সব ধর্মের মানুষকে একসূত্রে গাঁথার চেষ্টা করে গেছেন। অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনই ছিলো তার উদ্দেশ্য। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাও সম্প্রীতির বন্ধনে দেশকে বেঁধে রেখেছেন বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।

সনাতন ধর্মাবলম্বীদের একতাবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় পেলে চলবেনা।অন্যায়ের প্রতিবাদ করতে হবে। দুষ্টের দমন ও শিষ্টের লালন করে সমাজে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে হবে।

নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল কৃষ্ণ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক প্রমূখ।

পরে খাদ্যমন্ত্রী জন্মাষ্টমী ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষণ করে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন