সাপাহারে স্কুল শিক্ষকের মোটরসাইকেল চুরি

পদ্মাটাইমস ডেস্ক : সাপাহার বর্তমানে মসজিদের সামনে থেকে মুসল্লিদের জুতা-স্যান্ডেল চুরি নিত্যনৈমিত্তিক ঘটনা হিসেবে প্রচলিত আছে।
আর তাই মসজিদে আগত মুসল্লিরা সাবধান থেকে মসজিদে প্রবেশের সময় জুতা-স্যান্ডেল হাতে নিয়েই ভেতরে প্রবেশ করেন।
আর এমন সচেতন অবস্থা দেখে দৃষ্টিভঙ্গি বদলে ফেলেছে চোর চক্র । তারা এখন জুতা-স্যান্ডেল ছেড়ে নজর দিয়েছে মুসল্লিদের মোটরবাইকে।
গত শনিবার (১৪ অক্টোবর) সাপাহার উপজেলা মডেল মসজিদে এশার নামাজের সময় মসজিদের গ্যারেজ থেকে এক মুসুল্লি স্কুল শিক্ষকের সুজুকি জিক্সার কালো রঙের মোটরসাইকেল চুরি হয়েছে। এই চুরির ঘটনায় চোরের দল শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে সাপাহার থানা পুলিশ বলে জানা গেছে।
ভুক্তভোগী স্কুল শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, মডেল মসজিদের গ্যারেজে শনিবার এশার নামাজের সময় মোটরসাইকেল লক করে মসজিদে নামাজ আদায় শেষে গ্যারেজে মটরসাইকেল না থাকায় অস্বস্তিতে পড়েন এবং বিভিন্ন স্থানে খুজাখুজি শেষে থানায় একটি অভিযোগও দায়ের করেন।
এ বিষয়ে মসজিদে আগত মুসল্লিরা ও সচেতন মহল জানান, সাপাহার উপজেলা মডেল মসজিদের একটি বিশেষ সুনাম রয়েছে।
আর এই সুনাম অক্ষুন্ন রাখতে মসজিদের ভিতরে ও বাহিরের সকল সিসি ক্যামেরা গুলোর ভিডিও ফুটেজ দেখে চোর চক্র শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।




