তাড়াশে ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেলো শিক্ষার্থীর
নিজস্ব প্রতিবেদক, তাড়াশ : সিরাজগঞ্জের তাড়াশে মাছ বহনকারী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে রনজু ফকির (১৪) নামের এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
এছাড়াও গুরুত্বর আহত অবস্থায় তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন অটোভ্যান চালকসহ অপর যাত্রী। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পশ্চিম ওয়াবদা বাঁধ এলাকার ট্রাক শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে।
নিহত শিক্ষার্থী রনজু ফকির উপজেলার বারুহাস ইউনিয়নের বিনসাড়া গ্রামের আরমান ফকিরের ছেলে ও বিনসাড়া উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।
ঘটনাস্থলেই রনজু ফকিরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বারুহাস ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ফিরোজুল ইসলাম।
প্রত্যাক্ষদর্শীরা জানান, মাছের ট্রাকটি লোড অবস্থায় উত্তর ওয়াবদা বাঁধ থেকে দ্রুত গতি নিয়ে মোড় ঘুরতেই অটোভ্যানের সামনে সরাসরি সংঘর্ষ লাগে।
এসময় ওই অটোভ্যানে বসে থাকা রনজু ফকির ট্রাকের চাকার নিচে পড়ে যায়। সেই সাথে অটোভ্যান চালক ও অপরযাত্রী অটোভ্যানের নিচে পরে যায়।
এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে ট্রাক চালককে আটক করা হয় এবং মাছ বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।




