‘কোন সরকারের ধারাবাহিকতা না থাকলে দেশের উন্নয়ন চলমান থাকে না’

প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৩; সময়: ৪:১৭ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, যে কোন সরকারের ধারাবাহিকতা ও স্থায়ীত্ব না থাকলে, রাজনৈতিক স্থিতিশীলতা না থাকলে দেশে উন্নয়ন হয় না, দেশের উন্নয়ন চলমান থাকে না। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হয়। এই ১৫ বছর ধারাবাহিকভাবে কাজ করা সম্ভব হয়েছে বলেই দৃশ্যমান উন্নয়ন চোখে পড়ছে। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সরকারের ধারাবাহিকতা না থাকলে এটা সম্ভব হতো না।

৭১’ সালের মুক্তিযুদ্ধেও শিক্ষকদের অবদান অনেক অনেক বেশী। উর্দুকে যখন এদেশের রাষ্ট্রভাষা করার চেষ্টা করা হয়েছিল, তখন থেকেই এ দেশে সংগ্রম শুরু হয়ে গিয়েছিল। আর এর গোড়া পত্তন করেছিল এই শিক্ষক সমাজ। বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য রাজশাহী বিশ^বিদ্যালয়ে সামসুজ্জোহা খান জীবন দিলেন। তাঁর এ আত্মত্যাগ বৃথা যেতে পারে না। ২৭ অক্টোবর নিয়ামতপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১১টায় “স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর শিক্ষা ভাবনা ও শিক্ষকদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জন্য কি করেছি তা যদি বলতে হয় তাহলে শুধু এইটুকুই বলবো, ১৯৯৬ সালে আমি প্রথম নির্বাচন করি। আমি নির্বাচিত হতে পারি নাই। আওয়ামীলীগ ক্ষমতায় এসেছিল। আমি এমপি হতে না পারলেও আমার নির্বাচনী এলাকায় ১৯৯৬ থেকে ২০০০ সাল এই পাঁচ বছরে নিয়ামতপুর, পোরশা, সাপাহার এই তিন থানায় ৯৯টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করেছি। জাতির পিতা বঙ্গবন্ধু প্রথম প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছিল। তাঁরই কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও এক সাথে ৩৬ হাজারেরও বেশী প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। প্রত্যেক উপজেলায় একটি করে মাধ্যমিক বিদ্যালয় ও একটি করে কলেজ জাতীয়করণ করেছে। প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে বহুতলা ভবন নির্মান চলমান রয়েছে।

শেখ রাসেল ল্যাব, ল্যাপটপ, বিদ্যালয়ে বিদ্যালয়ে প্রতিষ্ঠিত করা চলমান রয়েছে। নওগাঁতে একটি পাবলিক বিশ^বিদ্যালয় নির্মান করা হচ্ছে। ইতি মধ্যে জমি অধিগ্রহন শুরু হয়েছে। ভিসি নিয়োগ হয়ে গিয়েছে। এই নওগাঁতে একটি মেডিক্যাল কলেজ ও নির্মান করা হয়েছে। শিক্ষা বান্ধব এই সরকারের কাছে আর কি চাওয়ার আছে?

তিনি আরো বলেন, আমি আপনাদের কাছে ভোট চাইতে আসি নাই। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আপনাদের জন্য কি করেছে। সে বিবেচনায় আপনারা আপনাদের বিবেক দিয়ে কাজ করবেন। তা না হলে আল্লাহর কাছে দায়ী থাকবেন। স্মার্ট বাংলাদেশ করতে হলে প্রথমে স্মার্ট নাগরিক তৈরী করতে হবে। আর এই স্মার্ট নাগরিক তৈরী করার কারিগর হচ্ছেন আপনারা। তাই বলতে হয় স্মার্ট বাংলাদেশ তৈরীর মূল কারিগর হচ্ছেন আপনারা এই শিক্ষক সমাজ।

উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক প্রফেসর মাহবুবুর রহমান শাহ।

একাডেমিক সুপারবাইজার জাকির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা শিক্ষা অফিসার লুৎফর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ. অফিসার ইন চার্জ মাইদুল ইসলাম, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আবুল কালাম আজাদ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিয়ামতপুর সরকারী কলেজের অধ্যক্ষ মমতাজ হোসেন মন্ডল, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও গুজিশহর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল আমীন, প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, নিয়ামতপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি তবিবর রহমান, ভীমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নার্গিস পারভীন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন