গুরুদাসপুরে আ.লীগের বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ

এসএম ইসাহক আলী রাজু, গুরুদাসপুর : নাটোরের গুরুদাসপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস, পুলিশের উপরে হামলা,বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা,পুলিশ হত্যা,নৈরাজ্য সৃষ্টি ও অবৈধ হরতালের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় হরিবাসর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে চাঁচকৈড় শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওই জায়গায় এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। শান্তি সমাবেশে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী,নাটোর জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মতিন মাষ্টার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম দোলন, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, আওয়ামী লীগ নেতা আলমগীর শেখসহ সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।
নাটোর-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস শোভন বক্তব্যে বলেন, মহাসমাবেশের নামে গত শনিবার বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি কারীদের বিরুদ্ধে আমরা মাঠে থেকে প্রতিহত করবো। যারা দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের ছাড় দেওয়া হবেনা।
অপরদিকে নাটোর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজশাহী বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও নাটোর-৪ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আহম্মদ আলী মোল্লা’র নেতৃত্বে গুরুদাসপুর-বড়াইগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক এলাকা দিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা এবং বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত নাটোর-৪ আসনে মনোনয়ণ প্রত্যাশী আহম্মদ আলী মোল্লা’র নেতৃত্বাধীন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারী অনার্স কলেজ রোড থেকে “জয় বাংলা” স্লোগানে মোটরসাইকেল শোভাযাত্রা বের করেন। এরপর গুরুদাসপুর বাজার, চাঁচকৈড় বাজার, কাছিকাটা বিশ^রোড, মশিন্দা, হাজিরহাট, নায়াবাজার, রাজাপুর, রাজ্জাক মোড়সহ দুই উপজেলার মহাসড়কের বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান নেন।
আহম্মদ আলী মোল্লা বলেন, বিএনপি-জামায়াতের ন্যক্কারজনক ঘটনার মাধ্যমে তাদের পুরনো মুখোশ উন্মোচন করেছে। তিনি বলেন সারা দিন রাস্তায় অবস্থান করে বিএনপি-জামায়াতকে উচিত জবাব দেয়ার জন্য দলের নেতাকর্মীদের নিয়ে রাস্তায় অবস্থান করছি। নাটোর-৪ গুরুদাসপুর-বড়াইগ্রামের কোন স্থানে অগ্নিসন্ত্রাশ ঘটাতে পারবেনা বিএনপি জামায়াত। তাদেরকে প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠন প্রস্তুত রয়েছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ারুজ্জামান বলেন, গুরুদাসপুর থানা পুলিশ শক্ত অবস্থানে রয়েছে।




