রাজশাহীতে চিকিৎসা সেবা বন্ধ, ভোগান্তির চরমে রোগীরা

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীতে পাঁচদফা দাবিতে আন্দোলনরত ইন্টার্ন ও ট্রেইনি চিকিৎসকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জ্যেষ্ঠ চিকিৎসকরাও। এর ফলে মঙ্গলবার সকাল থেকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালসহ শহরের সরকারি ও বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কার্যত অচল হয়ে পড়েছে।
চিকিৎসকদের কর্মবিরতির কারণে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বহির্বিভাগ ও ওয়ার্ডে কোনো চিকিৎসক না থাকায় রোগীরা সেবা পাচ্ছেন না। হতাশ রোগী ও স্বজনরা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ছুটে বেড়াচ্ছেন, কিন্তু কোথাও চিকিৎসা মিলছে না।
আন্দোলনরত চিকিৎসকদের দাবির মধ্যে অন্যতম হলো-এমবিবিএস ও বিডিএস ছাড়া কেউ যেন নামের আগে ‘ডাক্তার’ লিখতে না পারেন এবং বিএমডিসি রেজিস্ট্রেশন শুধুমাত্র এমবিবিএস ও বিডিএস ডিগ্রিধারীদের দেওয়া হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
রোগীদের দুর্ভোগ চরমে পৌঁছালেও শুধুমাত্র জরুরি বিভাগ ও নতুন ভর্তি রোগীদের সেবা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র। চিকিৎসকরা এখন হাইকোর্টের আসন্ন রায়ের দিকে তাকিয়ে আছেন, যা তাদের পরবর্তী সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে।




