দেশে তিন স্তরে কমছে ইন্টারনেটের দাম

প্রকাশিত: এপ্রিল ২১, ২০২৫; সময়: ১২:১১ pm | 
খবর > তথ্য-প্রযুক্তি

পদ্মাটাইমস ডেস্ক: দেশে ইন্টারনেটের দাম তিনটি স্তরে কমানোর সিদ্ধান্ত নিয়েছে ফাইবার অ্যাট হোম, জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

সোমবার নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, প্রতিষ্ঠানটি আইটিসি ও আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য হ্রাস করছে। এই উদ্যোগের ফলে ইন্টারনেট লাইসেন্সধারী পর্যায়ে তিন থেকে চার স্তরে দাম কমছে।

এর আগে, আন্তর্জাতিক গেটওয়ে পর্যায়ে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি সব সেবায় ১০ শতাংশ মূল্য কমিয়েছে।

এছাড়া, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা ৫০০ টাকায় ১০ এমবিপিএস গতির ইন্টারনেট পাবেন। ঈদুল ফিতরের দিন থেকে সরকারি মোবাইল অপারেটর টেলিটকও ১০ শতাংশ ছাড় দিয়েছে।

ফয়েজ আহমদ এবার তিনটি বেসরকারি মোবাইল অপারেটরকে ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন। তিনি জানান, সরকার ইতোমধ্যে এসব অপারেটরকে ডিডব্লিউডিএম ও ডার্ক ফাইবার সুবিধা দিয়েছে, ফলে দাম না কমানোর আর কোনো যৌক্তিকতা নেই।

তিনি বলেন, সরকারের পক্ষ থেকে নীতিগত সহায়তা এবং পাইকারি পর্যায়ে মূল্য হ্রাস করা হয়েছে। এখন সময় এসেছে মোবাইল অপারেটরদের জাতীয় এই উদ্যোগে শরিক হওয়ার।

ফয়েজ আহমদ আশা প্রকাশ করেন, মোবাইল ইন্টারনেটের দাম কমালে চলমান মূল্যস্ফীতিও কিছুটা প্রশমিত হবে। সরকার দুই ধরনের মূল্যছাড় প্রত্যাশা করছে-

১. পূর্বে শুল্ক বৃদ্ধির কারণে অপারেটররা যে অতিরিক্ত দাম নিয়েছে, তা কমানো।
২. পাইকারি দামের যে হারে কমানো হয়েছে, সেই অনুপাতে গ্রাহক পর্যায়ে ছাড় দেয়া।

তিনি আরও বলেন, দেশের মোবাইল ইন্টারনেটের মান নিয়ে প্রশ্ন রয়েছে। মান অনুযায়ী দাম বেশি। সরকার এখন গ্রাহকের স্বার্থে যৌক্তিক সিদ্ধান্ত নিতে বদ্ধপরিকর।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন