গুগলের ‘ক্রোম’ কিনতে চায় ওপেনএআই

একচেটিয়া বাজার ভাঙতে বড় পদক্ষেপের ইঙ্গিত

প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২৫; সময়: ১১:২৮ am | 
খবর > তথ্য-প্রযুক্তি

পদ্মাটাইমস ডেস্ক : গুগলের জনপ্রিয় ওয়েব ব্রাউজার ‘ক্রোম’ অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি মনে করছে, অনুসন্ধান ও বিজ্ঞাপন বাজারে গুগলের একচেটিয়া আধিপত্য ভাঙতে এটি হতে পারে একটি যুগান্তকারী পদক্ষেপ।

সম্প্রতি ওয়াশিংটনে গুগলের বিরুদ্ধে চলমান অ্যান্টিট্রাস্ট মামলায় ওপেনএআই-এর প্রধান পণ্য কর্মকর্তা নিক টার্লি জানান, “যদি আদালত গুগলকে ‘ক্রোম’ বিক্রি করতে বাধ্য করে, তাহলে আমরা সেটা কিনে নিতে প্রস্তুত।”

টার্লির মতে, গুগলের আধিপত্য শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) বিকাশে নয়, পুরো ইন্টারনেটের প্রতিযোগিতামূলক পরিবেশেই বড় বাধা তৈরি করেছে। তিনি বলেন, “ক্রোমের মতো একটি শক্তিশালী ব্রাউজার থাকলে আমরা একটি নতুন ধরনের এআই-ভিত্তিক সার্চ অভিজ্ঞতা তৈরি করতে পারব।”

বর্তমানে ওপেনএআই তার চ্যাটজিপিটি প্ল্যাটফর্মকে উন্নত করলেও, এখনও প্রায় ৮০% অনুসন্ধানের ক্ষেত্রে তা গুগলের মতো কার্যকর নয়। ২০২৩ সালের জুলাইয়ে ওপেনএআই গুগলের সার্চ API ব্যবহারের প্রস্তাব দেয়, কিন্তু আগস্টে গুগল সেই অনুরোধ প্রত্যাখ্যান করে।

বর্তমানে চ্যাটজিপিটি মূলত মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ওপর নির্ভর করে। তবে ওপেনএআই-এর মতে, গুগলের প্ল্যাটফর্ম এবং ডেটার প্রবেশাধিকার না পেলে এআই অনুসন্ধান খাতে সত্যিকারের প্রতিযোগিতা সম্ভব নয়।

সরকারি আইনজীবীদের দাবি, গুগল মোবাইল নির্মাতাদের সঙ্গে এমন কিছু চুক্তি করেছে, যাতে তাদের সার্চ, ক্রোম ও জেমিনি অ্যাপগুলো ডিফল্ট হিসেবে থাকে। বিচারক অমিত মেহতা মন্তব্য করেন, এই চুক্তিগুলো প্রযুক্তি বাজারে প্রতিযোগিতার প্রতিবন্ধক এবং গুগলের এআই পণ্যের জন্য বাড়তি সুবিধা তৈরি করছে।

টার্লি বলেন, “আমরা চাই একটি উন্মুক্ত, ন্যায্য ও প্রতিযোগিতামূলক সার্চ ইকোসিস্টেম। আর তা সম্ভব গুগলের প্রভাব কাটিয়ে উঠলেই।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন