পত্নীতলায় বস্তায় আদা চাষ জনপ্রিয় হয়ে উঠছে

মাসুদ রানা, পত্নীতলা: নওগাঁর পত্নীতলা উপজেলায় ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে বস্তায় আদা চাষ। সহজ ও লাভজনক হওয়ায় কৃষকরা ঝুঁকছেন এ চাষে।
উপজেলা কৃষি বিভাগ জানিয়েছে, মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩০ জন প্রান্তিক কৃষককে ৫শ’ বস্তায় আদা চাষের জন্য বীজ, সার ও অন্যান্য উপকরণ সরবরাহ করা হয়েছে। তবে লাভজনক ফলন দেখে নিজ উদ্যোগে অনেক কৃষক ৫ থেকে ১৫ হাজার বস্তায় চাষ করছেন। বর্তমানে উপজেলায় ২৫০-৩০০ জন কৃষক বাণিজ্যিকভাবে আদা চাষে যুক্ত হয়েছেন।
চাষিরা জানাচ্ছেন, আমবাগান, বাড়ির ছাদ ও পতিত জমি-সবখানেই বস্তায় আদা চাষ সম্ভব। ১০ থেকে ২০ বস্তায় চাষ করে অনেকেই পরিবারের চাহিদা পূরণ করছেন। এ পদ্ধতিতে রোগবালাই তুলনামূলক কম হয় এবং অতিরিক্ত সার দিতে হয় না।
কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রায় ৬ হাজার হেক্টর আমবাগানের নিচে আদা চাষ হচ্ছে।
ফয়েমপুর গ্রামের চাষি মো. আবুল কালাম আজাদ জানান, “আমার ১৫ হাজার বস্তায় আদা চাষ করতে খরচ হয়েছে প্রায় ১ লাখ টাকা। দাম ভালো থাকলে ১২-১৫ লাখ টাকা বিক্রির আশা করছি।”
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহরাব হোসেন বলেন, “পতিত জমি ও আমবাগানের নিচে বস্তায় আদা চাষ করে কৃষকরা বড় অঙ্কের আয় করতে পারবেন। এজন্য কৃষি বিভাগ সার্বক্ষণিক পরামর্শ ও সহায়তা প্রদান করছে।”




