‘টাইফয়েড টিকাদান কার্যক্রম সফল করতে সব দপ্তরের দায়িত্ব রয়েছে’

তথ্যবিবরণী: গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক বলেছেন, সরকারের বিনামূল্যে টিকাদান কার্যক্রমের মূল দায়িত্ব স্বাস্থ্য বিভাগের হলেও এটি সফল করতে প্রশাসন, শিক্ষা, তথ্যসহ সব দপ্তরের সম্মিলিত দায়িত্ব রয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে আয়োজিত এক ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে এ মন্তব্য করেন। কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস।
ফায়জুল হক বলেন, “বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। এখানে কোনো সম্পাদক না থাকায় যেকেউ যেকোনো কনটেন্ট প্রকাশ করছে। টাইফয়েড টিকা নিয়েও বিভ্রান্তিকর তথ্য প্রচার হতে পারে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক প্রচারণা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।”
জেলা প্রশাসক আফিয়া আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় জেলার স্কাউট ও গার্লস গাইড প্রতিনিধিরা অংশ নেন।
স্কাউট ও গার্লস গাইডদের উদ্দেশে জেলা প্রশাসক বলেন, “তোমরা এ টিকার জন্য নিজেরা রেজিস্ট্রেশন করবে এবং তোমাদের স্কুল ও আশপাশের সবাইকে রেজিস্ট্রেশনের জন্য উদ্বুদ্ধ করবে। এজন্য জন্মনিবন্ধন প্রয়োজন, তাই জন্মনিবন্ধন কোথায় করা যায় সেটাও সবাইকে জানাবে।”
এ সময় কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন নিশ্চিত করতে তিনি ইসলামিক ফাউন্ডেশনের পরিচালককে অনুরোধ জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা তথ্য অফিসের পরিচালক তাজকীয়া আকবারী, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিসুজ্জামান সিকদার, অতিরিক্ত জেলা প্রশাসক টুকটুক তালুকদার, ডেপুটি সিভিল সার্জন ডা. মোসা. মাহবুবা খাতুন, জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন ও ইউনিসেফ বাংলাদেশের রাজশাহী-রংপুর বিভাগের প্রধান এ এইচ তৌফিক আহমেদ।




