অবৈধ মোবাইল ফোন বন্ধ হবে ১৬ ডিসেম্বর থেকে
ফোনটি বৈধ হলে স্বাভাবিকভাবে চলবে, অন্যথায় তা নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।

পদ্মাটাইমস ডেস্ক: চলতি বছরের ১৬ ডিসেম্বর থেকে অবৈধভাবে আমদানি করা বা কর ফাঁকি দিয়ে আনা মোবাইল হ্যান্ডসেট বন্ধ করবে সরকার। কর ফাঁকি রোধ, অপরাধ দমন ও স্থানীয় মোবাইল উৎপাদন শিল্পকে টিকিয়ে রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বর্তমান ব্যবহৃত ফোনগুলো বন্ধ হবে না, ফলে সাধারণ ব্যবহারকারীদের কোনো ভোগান্তি হবে না।
বুধবার ঢাকায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কার্যালয়ে ‘ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর)’ বিষয়ক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি- বিষয়ক প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, এনইআইআর চালু হলে চুরি যাওয়া বা অপরাধে ব্যবহৃত ডিভাইস সহজেই শনাক্ত ও ব্লক করা যাবে। এতে এমএফএস জালিয়াতি, সিম প্রতারণা ও ডিজিটাল অপরাধ রোধে বড় ভূমিকা রাখবে।
এনইআইআর মূলত প্রতিটি মোবাইলের আইএমইআই (IMEI) নম্বরের ভিত্তিতে অবৈধ, নকল বা চুরি যাওয়া ডিভাইস শনাক্ত করে ব্লক করে দেয়। প্রতিটি ফোনের জন্য ১৫ সংখ্যার স্বতন্ত্র আইএমইআই নম্বর থাকে, যা নেটওয়ার্কে সংযুক্ত হওয়ার সময় ডাটাবেসের সঙ্গে মিলিয়ে দেখা হবে। ফোনটি বৈধ হলে স্বাভাবিকভাবে চলবে, অন্যথায় তা নেটওয়ার্কে যুক্ত হতে পারবে না।
বিটিআরসি জানিয়েছে, অবৈধ হ্যান্ডসেট আমদানি বন্ধ, অপরাধ দমন ও দেশীয় নির্মাতাদের সুরক্ষা দিতেই এই সিদ্ধান্ত। বর্তমানে দেশে বিক্রিত মোবাইলের প্রায় ৪০ শতাংশই অবৈধভাবে বাজারে আসে, যার ফলে সরকার বছরে প্রায় দুই হাজার কোটি টাকা রাজস্ব হারায়। এনইআইআরের পূর্ণ বাস্তবায়ন এই ক্ষতি রোধে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, মোবাইল নির্মাতারাই এই সিস্টেম বাস্তবায়নে অর্থায়ন করেছে। তিনি আশ্বাস দেন, “হঠাৎ কোনো ফোন বন্ধ করা হবে না; ব্যবহারকারীদের সময় ও নির্দেশনা দেওয়া হবে যাতে কেউ বিপাকে না পড়েন।”
যেভাবে কাজ করবে এনইআইআর
প্রতিটি ফোনের আইএমইআই নম্বর এনইআইআর ডাটাবেজে সংরক্ষিত থাকবে। ফোন নেটওয়ার্কে সংযুক্ত হলে সেটির নম্বর যাচাই করা হবে। বৈধ হলে ব্যবহার করা যাবে, আর অবৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে।
নতুন ফোন কেনার আগে ব্যবহারকারীরা KYD [স্পেস] IMEI নম্বর লিখে নির্দিষ্ট নম্বরে এসএমএস পাঠিয়ে ফোনের বৈধতা যাচাই করতে পারবেন। ফিরতি বার্তায় তাৎক্ষণিকভাবে জানিয়ে দেওয়া হবে ফোনটি বৈধ নাকি অবৈধ।
বিদেশ থেকে বৈধভাবে আনা বা উপহার পাওয়া ফোনের ক্ষেত্রে ব্যবহারকারীদের এনইআইআর পোর্টালে অ্যাকাউন্ট খুলে আইএমইআই নম্বর, পাসপোর্ট, ইমিগ্রেশন স্ট্যাম্প ও ক্রয়ের রশিদ জমা দিতে হবে। যাচাই শেষে ফোনটি স্থায়ীভাবে নেটওয়ার্কে ব্যবহারের অনুমতি পাবে।
সিস্টেমে মালিকানা হস্তান্তর, নিবন্ধন বাতিল ও চুরি হওয়া ফোন ব্লকের সুবিধাও থাকবে। ফলে ফোন হারালে মালিক এনইআইআর পোর্টাল, মোবাইল অ্যাপ বা ইউএসএসডি কোডের মাধ্যমে সেটি ব্লক করতে পারবেন- যার পর তা সব নেটওয়ার্কে অব্যবহারযোগ্য হয়ে যাবে।




