আবারও পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে শিশুর মর্মান্তিক মৃ’ত্যু

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬; সময়: ৯:২৯ pm | 
খবর > আঞ্চলিক

পদ্মাটাইমস ডেস্ক: চট্টগ্রামের রাউজান উপজেলায় পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে মেজবাহ উদ্দিন (৫) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান শেষে ফায়ার সার্ভিস শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সন্ধ্যার দিকে রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়নগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মেজবাহ ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির আশপাশে খেলাধুলার একপর্যায়ে শিশুটি সবার অজান্তে পরিত্যক্ত গভীর নলকূপের গর্তে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় ধরে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে গর্তের ভেতর শিশুটির অবস্থান শনাক্ত করা হয়। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়।

পরে দ্রুত তাকে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেজবাহ উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পরিত্যক্ত গভীর নলকূপের গর্ত থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এদিকে এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা পরিত্যক্ত ও খোলা নলকূপগুলো দ্রুত বন্ধ করার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন