ভোটকেন্দ্রের ৪০০ গজের ভেতর মোবাইল নিষিদ্ধ, ৩ শ্রেণির কর্মকর্তাদের অনুমতি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৬; সময়: ১২:২২ pm | 
খবর > নির্বাচন

পদ্মাটাইমস ডেস্ক: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্দেশনা অনুযায়ী, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে প্রিজাইডিং অফিসারসহ নির্দিষ্ট তিন শ্রেণির কর্মকর্তা ছাড়া অন্য কেউ মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ আদেশ জারি করা হয়।

যারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, ভোটকেন্দ্রের ভেতরে কেবল তিন শ্রেণির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি মোবাইল ফোন সঙ্গে রাখতে পারবেন। তারা হলেন-প্রিজাইডিং অফিসার, কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ ইনচার্জ এবং ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুইজন আনসার সদস্য (অঙ্গীভূত আনসার/সাধারণ আনসার/ভিডিপি)।

নির্দেশনায় বলা হয়েছে, ভোটগ্রহণের দিন কেন্দ্রের ৪০০ গজ এলাকার মধ্যে সাধারণ ভোটার, প্রার্থী বা অন্য কোনো ব্যক্তি মোবাইল ফোন বহন বা ব্যবহার করতে পারবেন না। এ নির্দেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ইসির সংশ্লিষ্ট শাখা জানিয়েছে, নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখা এবং কেন্দ্র থেকে তাৎক্ষণিক ছবি বা তথ্য আদান-প্রদান বন্ধ রাখতেই এই কড়াকড়ি আরোপ করা হয়েছে। তবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আনসার সদস্যরা নির্ধারিত অ্যাপের মাধ্যমে নিরাপত্তা তদারকি করবেন বলে তাদের ক্ষেত্রে শর্তসাপেক্ষে ছাড় দেওয়া হয়েছে।

বিভাগীয় ও জেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন