মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান নিয়ে গবেষণায় ২৫ লাখ টাকা অনুদান

পদ্মাটাইমস ডেস্ক: মুক্তিযুদ্ধের অজানা ইতিহাস, স্থানীয় পর্যায়ের তথ্য সংগ্রহ ও সংরক্ষণে গবেষণা জোরদার করতে অনুদান কর্মসূচি চালু করেছে সরকার। এ উদ্যোগে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৫ লাখ থেকে সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই অভ্যুত্থান নিয়েও গবেষণার সুযোগ রাখা হয়েছে।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় গত ৪ মার্চ এ-সংক্রান্ত নির্দেশিকা জারি করেছে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, স্বীকৃত গবেষণা প্রতিষ্ঠান, পিএইচডি ও এমফিল গবেষকসহ অভিজ্ঞ ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
নির্দেশিকা অনুযায়ী, তিনটি ক্যাটাগরিতে অনুদান দেওয়া হবে। ‘ক’ শ্রেণিতে দলীয় বা প্রাতিষ্ঠানিক গবেষণায় ১০ থেকে ২৫ লাখ টাকা (মেয়াদ এক বছর), ‘খ’ শ্রেণিতে একক গবেষণায় ৫ থেকে ১০ লাখ টাকা (মেয়াদ ৯ মাস) এবং ‘গ’ শ্রেণিতে একক গবেষণায় ৫ লাখ টাকা (মেয়াদ ৬ মাস) বরাদ্দ থাকবে।
গবেষণার বিষয় হিসেবে মুক্তিযুদ্ধের ইতিহাস, গণঅংশগ্রহণ, শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই, গণহত্যা, যুদ্ধাপরাধ, শরণার্থী জীবন, আন্তর্জাতিক সমর্থনসহ বিভিন্ন দিক অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট, শহীদ ও আহতদের পুনর্বাসন, স্মৃতি সংরক্ষণ ও বীরত্বগাথাও গবেষণার আওতায় থাকবে।
প্রতিবছর ৩১ জুলাইয়ের মধ্যে গবেষণা আহ্বান এবং ৩১ অক্টোবরের মধ্যে প্রস্তাব জমা দিতে হবে। যাচাই-বাছাই শেষে ৩১ ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, গবেষণার জন্য একটি তহবিল গঠন করা হবে, যা এডিপি, রাজস্ব বাজেট বা উন্নয়ন সহযোগীদের অর্থায়নে পরিচালিত হবে। নির্বাচিত গবেষকদের নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করে প্রতিবেদন জমা দিতে হবে এবং গবেষণার অগ্রগতি নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।




