রাজশাহীতে পদ্মা ব্যারেজ ও উত্তরাঞ্চল সেচ প্রকল্পের দাবি

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে উত্তরাঞ্চলকে মরুকরণের হাত থেকে রক্ষায় রাজশাহী-তে পদ্মা ব্যারেজ নির্মাণ ও উত্তর রাজশাহী সেচ প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ-এর যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
“পদ্মা নদী বাঁচলে রাজশাহী বাঁচবে”, “ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত কর”, “উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন কর” ইত্যাদি স্লোগানে মানববন্ধনে অংশগ্রহণকারীরা পদ্মা নদী রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, পদ্মা নদী-সহ দেশের নদীগুলো খরা মৌসুমে পানিশূন্য হয়ে পড়ছে এবং অনেক স্থানে চর জেগে উঠছে। এতে ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা বাড়ছে, যা কৃষি ও জনজীবনে মারাত্মক প্রভাব ফেলছে। অবৈধ বালু উত্তোলনের বিষয়েও তারা প্রশাসনের নিষ্ক্রিয়তার সমালোচনা করেন।
তারা আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের পানি সংকট নিরসনে টেকসই ও দৃশ্যমান সমাধান জরুরি। এ লক্ষ্যে পদ্মা নদীতে ক্যাপিটাল ড্রেজিং, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি এবং দ্রুত পদ্মা ব্যারেজ নির্মাণ প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
এ সময় বক্তারা তারেক রহমান-এর নির্বাচনী ইশতেহারে ঘোষিত পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দ্রুত পূরণের আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা রাজশাহীর চিকিৎসা ব্যবস্থারও সমালোচনা করেন। তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় চিকিৎসার অভাবে সাম্প্রতিক সময়ে বহু শিশুর মৃত্যু হয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাপা রাজশাহী জেলার সভাপতি মাহমুদ হোসেন, সাধারণ সম্পাদক সেলিনা বেগম, সহ-সভাপতি মো. জুয়েল কিবরিয়া, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খানসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ।




