রাজশাহীতে আন্তর্জাতিক অভিষেক জয়ে রাঙালো বাংলাদেশের মেয়েরা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে আন্তর্জাতিক অভিষেক ম্যাচটিকে দারুণ এক জয়ে স্মরণীয় করে রাখলো বাংলাদেশের নারী ক্রিকেট দল। শারমিন আক্তার সুপ্তা ও সোবহানা মোস্তারির অনবদ্য ব্যাটিংয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগ্রেসরা।
সোমবার (২০ এপ্রিল) ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের পঞ্চম বলেই আউট হন শারমিন সুলতানা। পরের ওভারেই ফেরেন জুয়াইরিয়া ফেরদৌস। মাত্র ৫ রানেই দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা।
এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার ইনিংস গড়ার চেষ্টা করেন। তবে দলীয় ৩৪ রানের মাথায় ২৯ রানের জুটি ভেঙে ফিরে যান নিগার।
চতুর্থ উইকেটে সোবহানা মোস্তারিকে সঙ্গে নিয়ে ম্যাচে ফেরার পথ খুঁজে পান শারমিন। তাদের দারুণ জুটিতে ২২তম ওভারেই দলীয় ১০০ রান পূর্ণ করে বাংলাদেশ। তবে ২৮তম ওভারে ১২১ রানের মাথায় ৪১ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন মোস্তারি।
এরপর স্বর্ণা আক্তারকে সঙ্গে নিয়ে এগিয়ে যান শারমিন। দুজনের ১০২ বলে ৭৮ রানের জুটিতে জয়ের পথে অনেকটাই এগিয়ে যায় বাংলাদেশ। তবে দলীয় ১৯৯ রানের মাথায় ৮৬ রানের ইনিংস খেলে আউট হন শারমিন। তার ইনিংসে ছিল ১৩টি বাউন্ডারি।
শারমিনের বিদায়ের পর হঠাৎই কিছুটা চাপ তৈরি হয়। ১ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত আর কোনো অঘটন ঘটেনি। নাহিদা আক্তার ও সুলতানা খাতুনের দৃঢ়তায় ৯ বল হাতে রেখেই ৩ উইকেটের জয় নিশ্চিত করে স্বাগতিকরা।
এর আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২০৫ রান সংগ্রহ করে সফরকারী শ্রীলঙ্কা। দলের পক্ষে হানসিমা করুণারত্নে ৭১ বলে ৫৪ রান করেন। তাকে দারুণভাবে সঙ্গ দেন ইমেশা দুলানি, যিনি ৭৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন।
এছাড়া কাভিশা দিলহারি ৩০, ভারপ্রাপ্ত অধিনায়ক হাসিনি পেরেরা ২৭ এবং কাউসিনি নাথইয়াঙ্গানা ১৮ রান যোগ করেন।
বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রিতু মনি, তিনি নেন ৩ উইকেট। নাহিদা আক্তার শিকার করেন ২টি উইকেট। এছাড়া সোবহানা মোস্তারী, রাবেয়া খান, সুলতানা খাতুন ও মারুফা আক্তার একটি করে উইকেট নেন।




