পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার

প্রকাশিত: মে ৫, ২০২৬; সময়: ৫:৪৭ pm | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে ঘিরে কারচুপির অভিযোগ তুলে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করেছেন, এই ফলাফল জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়; বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির ‘গভীর ষড়যন্ত্র’ কাজ করেছে।

মঙ্গলবার (৫ মে) কালীঘাটে আয়োজিত নির্বাচন-পরবর্তী সংবাদ সম্মেলনে এ অবস্থান স্পষ্ট করেন তিনি। পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, “এখনই পদত্যাগ করছি না। কেন করব? আমরা তো হারিনি। জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে?”

তিনি আরও বলেন, একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াইয়ের মধ্যে মাঠ ছেড়ে দেওয়া মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ করা। তাই প্রতিকূল পরিস্থিতিতেও তিনি রাজনৈতিক লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

রাজনৈতিক অঙ্গনে তার পদত্যাগ নিয়ে জোর আলোচনা চললেও, বিদায়ী মুখ্যমন্ত্রী পরিষ্কার জানিয়েছেন -এ মুহূর্তে সরে দাঁড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। বরং পরিস্থিতি মোকাবিলায় তিনি আরও দৃঢ় অবস্থানে থাকবেন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন