পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বন্ধের সিদ্ধান্ত

প্রকাশিত: মে ১৯, ২০২৬; সময়: ১২:০১ am | 
খবর > আন্তর্জাতিক

পদ্মাটাইমস ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকে রাজ্যে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী মাস থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে পূর্ববর্তী সরকারের আমলে নারী নির্যাতন ও দুর্নীতির অভিযোগ তদন্তে পৃথক দুটি কমিশন গঠন করা হয়েছে।

সোমবার রাজ্য সচিবালয় নবান্নে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নারী, শিশু ও সমাজকল্যাণমন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, ধর্মভিত্তিক সব ধরনের সরকারি প্রকল্প বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। সেই ধারাবাহিকতায় ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতাও আগামী মাস থেকে বন্ধ করা হবে।

মন্ত্রিসভার বৈঠকে নারী ও শিশু নির্যাতন এবং সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে দুটি পৃথক কমিশন গঠন করা হয়। এর মধ্যে গত ১৫ বছরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে সংঘটিত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা এবং নারী নিরাপত্তা ঘাটতির অভিযোগ তদন্তে একটি কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে।

অন্যদিকে সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে গঠিত দ্বিতীয় কমিশনের চেয়ারম্যান করা হয়েছে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুকে। আগামী ১ জুন থেকে কমিশন দুটি কাজ শুরু করবে বলে জানানো হয়েছে। ভুক্তভোগীরা সরাসরি এসব কমিশনের কাছে অভিযোগ জানাতে পারবেন। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জশিট দাখিলের সুপারিশও করতে পারবে কমিশন।

এদিকে মন্ত্রিসভার বৈঠক শেষে দক্ষিণ কলকাতার ধনধান্য স্টেডিয়ামে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকারের ঘোষিত নতুন শিক্ষানীতির সঙ্গে যুক্ত হচ্ছে এবং শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখাই নতুন সরকারের অন্যতম লক্ষ্য।

তিনি আরও বলেন, নারীশিক্ষাকে অগ্রাধিকার দিয়ে সরকারি শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে আরও স্বায়ত্তশাসন দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে শুভেন্দু অধিকারী বলেন, “ভয়কে আউট করে জয়কে ইন করতে হবে। ভবিষ্যতে তোমরাই হবে জাতির অভিভাবক।”

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন