বিশ্বকাপ জয়ের প্রাইজমানি কর্মীদের মধ্যে বিলিয়ে দেন মেসি

প্রকাশিত: মে ২০, ২০২৬; সময়: ১১:৪৬ pm | 
খবর > খেলা
২০২২ বিশ্বকাপ ফাইনাল জিতেই শিরোপায় চুমু এঁকে দিয়েছিলেন মেসি/ফাইল ছবি

পদ্মাটাইমস ডেস্ক : মাঠে অসাধারণ নৈপুণ্যের জন্য লিওনেল মেসিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার বলা হয়। তবে মানবিক আচরণের কারণেও মাঠের বাইরেও রয়েছে তার ব্যাপক সুনাম। এবার প্রকাশ্যে এসেছে কাতার বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টাইন অধিনায়কের এক অজানা গল্প।

জানা গেছে, কাতার বিশ্বকাপ জয়ের পর পাওয়া বোনাসের একটি বড় অংশ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) ট্রেনিং কমপ্লেক্সের কর্মীদের মধ্যে ভাগ করে দিয়েছিলেন মেসি।

দীর্ঘদিন বিষয়টি আড়ালেই ছিল। সম্প্রতি আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক ফিটনেস কোচ জেরার্দো সালোরিও এ তথ্য প্রকাশ করেন। তিনি জানান, বিশ্বকাপ জয়ের পর নিজের প্রাইজমানি শুধু নিজের কাছে না রেখে এজেইজা ট্রেনিং গ্রাউন্ডের কর্মীদের মধ্যে বিলিয়ে দেন বর্তমানে যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে খেলা এই তারকা ফুটবলার।

‘ভিভে পারা কন্তারলো’কে দেওয়া সাক্ষাৎকারে সালোরিও বলেন, ‘মেসি কাতার বিশ্বকাপের পুরস্কারের অর্থ এএফএ ট্রেনিং গ্রাউন্ডের সব কর্মচারীর মধ্যে সমানভাবে ভাগ করে দিয়েছিল।’

কর্মীরা ঠিক কত অর্থ পেয়েছিলেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য দেননি সালোরিও। তবে উপহারের পরিমাণ বোঝাতে তিনি বলেন, ‘প্রতিটি কর্মচারী যে অর্থ পেয়েছিল, তা দিয়ে প্রায় একটি ফ্ল্যাট কেনা সম্ভব ছিল।’

সাক্ষাৎকারে মেসির আরেকটি মানবিক ঘটনার কথাও তুলে ধরেন সালোরিও। ২০১৬ সালে এএফএ প্রশাসনিক জটিলতায় পড়লে কর্মচারীরা টানা তিন মাস বেতন পাননি। তখন একজন কর্মচারী সরাসরি মেসির কাছে বিষয়টি জানান।

সালোরিওর ভাষ্য, ‘এক কর্মচারী মেসিকে বলেছিলেন, “লিও, আমরা তিন মাস ধরে বেতন পাইনি।” তখন মেসি জানতে চায় কত টাকা বাকি আছে। এরপর সে বলে, বিষয়টি দেখবে। কিছুক্ষণ পরই কর্মচারীদের অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যায়।’

মেসির ব্যক্তিত্ব নিয়েও প্রশংসা করেন সালোরিও। তিনি বলেন, ‘ট্রেনিং গ্রাউন্ডে সবাই তাকে ভীষণ ভালোবাসে। সে সব পরিস্থিতির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারে, খুবই মাটির মানুষ। ওর মতো আর কাউকে খুঁজে পাওয়া কঠিন।’

জাতীয় দলের স্টাফদের সঙ্গে মেসির ঘনিষ্ঠ সম্পর্ক বহুবারই দেখা গেছে। ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর লুসাইল স্টেডিয়ামে উদযাপনের সময় দলের রাঁধুনি আন্তোনিয়া ফারিয়াসকে জড়িয়ে ধরতে দেখা যায় তাকে। এছাড়া বিভিন্ন সময় দলের স্টাফদের সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা গেছে ফুটবলের এই মহাতারকাকে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন