মেসির নেতৃত্বে বিশ্বকাপ দল ঘোষণা

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপের মঞ্চে আরও একটি ইতিহাস গড়তে যাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডকে অধিনায়ক করে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য আসরটি হবে মেসির ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। এর মাধ্যমে নিজেরই গড়া আর্জেন্টিনার সর্বোচ্চ বিশ্বকাপ খেলার রেকর্ড আরও সমৃদ্ধ করলেন তিনি।
কোচ লিওনেল স্কালোনি মূলত ২০২২ কাতার বিশ্বকাপজয়ী দলের ওপরই আস্থা রেখেছেন। শিরোপাজয়ী সেই দলের ১৭ জন খেলোয়াড় এবারও জায়গা পেয়েছেন চূড়ান্ত স্কোয়াডে। তাদের মধ্যে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজ।
তবে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ায় এবার দলে নেই অভিজ্ঞ উইঙ্গার অ্যাঞ্জেল ডি মারিয়া। অন্যদিকে চোটের কারণে ২০২২ বিশ্বকাপ মিস করা জিওভানি লো সেলসো দলে ফিরেছেন। যদিও ২০১৮ বিশ্বকাপ দলে থাকলেও সেবার মাঠে নামার সুযোগ হয়নি তার।
আগামী প্রজন্মের প্রতিনিধিত্ব করতে দলে জায়গা পেয়েছেন ভ্যালেন্তিন বারকো, নিকোলাস পাজ ও জুলিয়ানো সিমিওনের মতো তরুণরা। এছাড়া হোসে ম্যানুয়েল লোপেজ ও থিয়াগো আলমাদা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
স্থানীয় গণমাধ্যমের খবর, ফিটনেস সমস্যার কারণে ২০২২ বিশ্বকাপজয়ী দলের সদস্য মার্কোস আকুনিয়া এবার স্কোয়াডে জায়গা পাননি।
গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর তাদের প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া।
গোলরক্ষক : এমিলিয়ানো মার্তিনেজ, জেরোনিমো রুলি, হুয়ান মুসো।
রক্ষণভাগ : লিওনার্দো বালের্দি, গনসালো মন্তিয়েল, নিকোলাস তালিয়াফিকো, লিসান্দ্রো মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, ফাকুন্দো মেদিনা, নাহুয়েল মোলিনা।
মিডফিল্ড : লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো ডি পল, ভ্যালেন্তিন বারকো, জিওভানি লো সেলসো, এক্সেকিয়েল পালাসিওস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ।
আক্রমণভাগ : হুলিয়ান আলভারেজ, লিওনেল মেসি, নিকোলাস গনসালেস, থিয়াগো আলমাদা, জুলিয়ানো সিমিওনে, নিকোলাস পাজ, হোসে ম্যানুয়েল লোপেজ ও লাউতারো মার্তিনেজ।




