শিবগঞ্জে গৃহকর্মী হত্যাকাণ্ড: ৭ দিন পর মামলা, গ্রেপ্তার ১

প্রকাশিত: জুন ৯, ২০২৬; সময়: ৭:৪৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গৃহকর্মী নয়নী খাতুন হত্যাকাণ্ডের সাত দিন পর থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে শিবগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন নিহত নয়নীর আত্মীয়া আকলিমা বেগম। একই রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত ২ নম্বর আসামি নোমানকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাকে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তার নোমান উপজেলার কানসাট ইউনিয়নের মোহনবাগ এলাকার রইসউদ্দিনের নাতি ও সুমনের ছেলে।

মামলার এজাহারে বলা হয়েছে, নয়নী খাতুন দীর্ঘদিন ধরে নোমানের নানা রইসউদ্দিনের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করতেন। একপর্যায়ে নোমান বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি পরিবারের অন্য সদস্যরা জানতে পেরে নয়নীর ওপর শারীরিক নির্যাতন চালায়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, গত ১ জুন বিকেলে নয়নীকে হত্যা করে বাড়ির দোতলার একটি সিলিং ফ্যানে ওড়না দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করা হয়। পরে মরদেহ নামিয়ে রাখা হয়। সেদিন রাত ১১টার দিকে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে দূর্লভপুর ইউনিয়নের শেরপুর ভান্ডার-বিজিপাড়া এলাকায় তার দাফন সম্পন্ন হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “রাতে মোহনবাগ এলাকা থেকে নোমানকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় রইসউদ্দিন ও নোমানসহ আটজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩-৪ জনকে আসামি করে মামলা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন