তিন লাল কার্ডের নাটকীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পদ্মাটাইমস ডেস্ক : বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়েছে মেক্সিকো। তিনটি লাল কার্ডে উত্তপ্ত হয়ে ওঠা ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে স্বাগতিকরা।
আজতেকা স্টেডিয়ামে ৮৩ হাজার দর্শকের সামনে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে মেক্সিকো। ম্যাচের মাত্র ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন ফরোয়ার্ড হুলিয়ান কিনিয়োনেস। বক্সের ভেতর থেকে নেওয়া তাঁর শট দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসের দুই পায়ের ফাঁক গলে জালে জড়িয়ে যায়।
এই গোলটি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে তৃতীয় দ্রুততম গোল। এর আগে ১৯৯৮ সালে ব্রাজিলের সিজার সাম্পাইও পঞ্চম মিনিটে এবং ২০০৬ সালে জার্মানির ফিলিপ লাম ষষ্ঠ মিনিটে গোল করেছিলেন।
প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকা মেক্সিকো বিরতির পর আরও সুবিধাজনক অবস্থানে চলে যায়। ৫০তম মিনিটে মেক্সিকোর এক খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার স্ফেফেলো সিথোলে। ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচে ফেরার কাজ আরও কঠিন হয়ে পড়ে আফ্রিকানদের।
এরপর ৬৬তম মিনিটে মাঠে নামেন ১৭ বছর ২৪০ দিন বয়সী গিলবার্তো মোরা। এর মধ্য দিয়ে বিশ্বকাপ ইতিহাসে মেক্সিকোর সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে নাম লেখান তিনি।
মোরার মাঠে নামার এক মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ। ডান প্রান্ত থেকে রবার্তো আলভারাদোর নিখুঁত ক্রস হেডে জালে পাঠিয়ে ২-০ করেন ৩৫ বছর বয়সী এই তারকা। গোলের পর আবেগাপ্লুত হয়ে পড়েন হিমিনেজ, উচ্ছ্বাসে ভাসেন গ্যালারির মেক্সিকান সমর্থকরাও।
৮৪তম মিনিটে দক্ষিণ আফ্রিকার জন্য পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। প্রতিপক্ষকে ফাউল করে দ্বিতীয় লাল কার্ড দেখেন মিডফিল্ডার থেম্বা জেওয়ানে। ফলে শেষদিকে ৯ জন নিয়ে খেলতে হয় ‘বাফানা বাফানা’দের।
তবে ম্যাচটি শেষ হয় না নাটকীয়তা ছাড়াই। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন মেক্সিকোর সেন্টারব্যাক সেজার মন্তেস। ফলে ম্যাচটি শেষ হয় তিনটি লাল কার্ডের বিরল রেকর্ড নিয়ে। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের ইতিহাসে এক ম্যাচে এত লাল কার্ড আগে দেখা যায়নি।
১৯৩০ সালে বিশ্বকাপের প্রথম আসর থেকে এর আগে সাতবার উদ্বোধনী ম্যাচ খেলেও জয়ের মুখ দেখেনি মেক্সিকো। অবশেষে নিজেদের নবম চেষ্টায় সেই আক্ষেপ ঘুচিয়েছে তারা। অন্যদিকে ২০১০ বিশ্বকাপে স্বাগতিক হিসেবে উদ্বোধনী ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করা দক্ষিণ আফ্রিকা ১৬ বছর পর বিশ্বকাপে ফিরে শুরুটাই করল পরাজয় দিয়ে।




