গোদাগাড়ীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল ক্যাম্পেইন

নিজস্ব প্রতিবেদক: “সবুজ স্কুল, পরিচ্ছন্ন গ্রাম, বৃক্ষরোপণ আর পানির অপচয় রোধ করি, খরা সহিষ্ণু বরেন্দ্র গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর গোদাগাড়ীতে জলবায়ু পরিবর্তন বিষয়ে স্কুল ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) গোদাগাড়ী উপজেলার কাকনহাট ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে সিসিবিভিও (CCBVO), রাজশাহীর আয়োজনে এবং জার্মানির ব্রেড ফর দি ওয়ার্ল্ড-এর সহায়তায় এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সচেতনতা সৃষ্টি ও জনমত গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে ১৫টি বিজ্ঞান ক্লাব অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে প্রতিপাদ্যের ওপর উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বক্তৃতা শেষে বিজ্ঞান ক্লাবের সদস্য, শিক্ষক-শিক্ষিকা ও অতিথিরা একটি সাইকেল র্যালিতে অংশ নেন। র্যালিটি কাকনহাট ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাকনহাট বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়।
এ সময় অংশগ্রহণকারী বিজ্ঞান ক্লাবগুলো জলবায়ু পরিবর্তন বিষয়ক দেয়াল পত্রিকা প্রদর্শন করে। অতিথি ও অংশগ্রহণকারীরা প্রদর্শিত দেয়াল পত্রিকা কর্নার পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন।
পরে পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাকনহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জালাল উদ্দীন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিবিভিওর সভাপতি প্রফেসর মো. আবদুস সালাম, সিসিবিভিওর নির্বাহী প্রধান ও রক্ষাগোলা মডেলের গবেষক মো. সারওয়ার-ই-কামাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান এবং রক্ষাগোলা সমন্বয় কমিটির সভাপতি সুধীর সরেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় তরুণ প্রজন্মকে সচেতন করে তুলতে হবে। বৃক্ষরোপণ, পানি সংরক্ষণ, পরিবেশবান্ধব জীবনযাপন এবং স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে খরা প্রবণ বরেন্দ্র অঞ্চলের পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব।
আলোচনা শেষে উপস্থিত বক্তৃতা ও দেয়াল পত্রিকা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে সিসিবিভিওর পক্ষে আরও উপস্থিত ছিলেন উর্ধ্বতন কর্মসূচি কর্মকর্তা মো. নিরাবুল ইসলাম, কর্মসূচি কর্মকর্তা জোসেফ হাঁসদা, সমাজ সংগঠক দীপিকা মাড্রি, সুচিত্রা হেমব্রম ও ইমরুল সাদাত মিলন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বরেন্দ্র অঞ্চলে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




