দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬; সময়: ৬:১৩ pm | 
খবর > শীর্ষ সংবাদ

পদ্মাটাইমস ডেস্ক : বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে দেশের সব সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে ছয় দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে আগামী ১৭ আগস্টের মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা ব্যবস্থা চালু ও কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে হাসপাতালগুলোর সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখা এবং কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে হবে।

নির্দেশনাগুলো হলো-

১. প্রতিটি প্রতিষ্ঠানের প্রধান নিজ দায়িত্বে হাসপাতাল সার্বক্ষণিক পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।

২. ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ হাসপাতালগুলোর পরিচ্ছন্নতা কার্যক্রম নিয়মিত তদারকি করবেন।

৩. মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক প্রতি শনিবার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন।

৪. বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) নির্ধারিত সূচি অনুযায়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (প্রশাসন) এবং পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ)-এর কাছে পাঠাতে হবে।

৫. প্রতিটি জেলার সিভিল সার্জন প্রতি মাসের প্রতি শনিবার নির্ধারিত তালিকা অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে সচিত্র প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে।

৬. আগামী ১৭ আগস্ট ২০২৬-এর মধ্যে সব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বায়োমেট্রিক হাজিরা মেশিন সচল করে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে হবে। এ নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানকে দায়ী করা হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন