নতুন এআই সুবিধা নিয়ে আসছে আইফোন ১৮

১২ গিগাবাইট র‍্যামের গুঞ্জন, আরও শক্তিশালী সিরি ও কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর সুবিধা পেতে পারেন ব্যবহারকারীরা

প্রকাশিত: জুলাই ১৪, ২০২৬; সময়: ৫:২১ pm | 
খবর > তথ্য-প্রযুক্তি

পদ্মাটাইমস ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) প্রযুক্তির প্রতিযোগিতায় আরও শক্ত অবস্থান নিতে আইফোন ১৮ সিরিজে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল। নতুন প্রজন্মের সিরি এবং উন্নত এআই সুবিধাকে আরও কার্যকর করতে আসন্ন স্মার্টফোনে শক্তিশালী হার্ডওয়্যার যুক্ত করার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি বলে বিভিন্ন প্রযুক্তিবিষয়ক প্রতিবেদনে দাবি করা হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত অ্যাপলের ওয়ার্ল্ডওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি) ২০২৬-এ নতুন সিরি ও একাধিক এআইনির্ভর প্রযুক্তির ঘোষণা দেওয়া হয়। এসব সুবিধা নির্বিঘ্নে পরিচালনার জন্য আইফোন ১৮ সিরিজে উল্লেখযোগ্য হার্ডওয়্যার উন্নয়ন আনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, আইফোন ১৮ সিরিজের সব মডেলে ১২ গিগাবাইট র‍্যাম যুক্ত হতে পারে। বর্তমানে উন্নত এআই সুবিধা পরিচালনায় বেশি মেমোরির প্রয়োজন হওয়ায় অ্যাপল এই পরিবর্তনের দিকে ঝুঁকতে পারে। যদি এমনটি বাস্তবায়িত হয়, তাহলে শুধু প্রিমিয়াম সংস্করণ নয়, সাধারণ মডেলের ব্যবহারকারীরাও উন্নত এআই সুবিধা ব্যবহার করতে পারবেন।

বর্তমানে আইফোন ১৭ সিরিজের অধিকাংশ মডেলে ৮ গিগাবাইট র‍্যাম থাকার কথা শোনা যাচ্ছে। সে ক্ষেত্রে নতুন প্রজন্মের সব এআই সুবিধা কেবল প্রো সংস্করণ এবং উচ্চমূল্যের মডেলগুলোতেই সীমিত থাকতে পারে। তবে আইফোন ১৮-এ ১২ গিগাবাইট র‍্যাম যুক্ত হলে সেই সীমাবদ্ধতা অনেকটাই দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিশেষজ্ঞদের মতে, অ্যাপলের নতুন এআই ভিত্তিমডেল ভবিষ্যতের সিরিকে আরও বুদ্ধিমান ও কার্যকর করে তুলবে। ব্যবহারকারীর অভ্যাস বিশ্লেষণ, জটিল নির্দেশনা বোঝা, উন্নত মানের লেখা বা তথ্য তৈরি এবং ব্যক্তিগত সহকারী হিসেবে আরও দক্ষভাবে কাজ করতে পারবে সিরি। এসব সুবিধা নিশ্চিত করতে উচ্চক্ষমতার র‍্যাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তবে আইফোন ১৮-এর সম্ভাব্য হার্ডওয়্যার নিয়ে এখনো কিছু অনিশ্চয়তা রয়েছে। বিভিন্ন প্রতিবেদনে উৎপাদন ব্যয় কমানোর লক্ষ্যে র‍্যাম ও চিপসেটের কিছু পরিবর্তনের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে। ফলে চূড়ান্তভাবে কোন কনফিগারেশন বাজারে আসবে, তা জানতে অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা করতে হবে।

এদিকে বৈশ্বিক বাজারে ড্রাম ও ন্যান্ড মেমোরি চিপের দাম বাড়ায় স্মার্টফোন উৎপাদন ব্যয়ও বেড়েছে। তবুও এআইকেন্দ্রিক ভবিষ্যৎ স্মার্টফোন বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে অ্যাপল যদি ১২ গিগাবাইট র‍্যামের সিদ্ধান্ত বাস্তবায়ন করে, তবে সেটিই আইফোন ১৮ সিরিজের সবচেয়ে বড় আকর্ষণ হয়ে উঠতে পারে।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স আগামী সেপ্টেম্বরে উন্মোচিত হতে পারে। একই অনুষ্ঠানে অ্যাপলের বহুল আলোচিত ভাঁজযোগ্য আইফোনও আত্মপ্রকাশ করতে পারে বলে জোর গুঞ্জন রয়েছে। তবে এসব বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি অ্যাপল।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন