রাজশাহীতে বৃত্তির ফল পুনর্মূল্যায়নের দাবিতে মানববন্ধন

প্রকাশিত: জুলাই ১৬, ২০২৬; সময়: ২:৪৯ pm | 
খবর > শিক্ষাঙ্গন

নিজস্ব প্রতিবেদক :  প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়ন ও সঠিক ফল প্রকাশের দাবিতে রাজশাহীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেনের কাছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

অভিভাবকদের অভিযোগ, রাজশাহী উপশহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১টি বিদ্যালয়ের ২৩৮ শিক্ষার্থী পরীক্ষা দিলেও তাদের কারও নাম বৃত্তিপ্রাপ্তদের তালিকায় আসেনি। এ ঘটনায় ফলাফল প্রস্তুতে কারিগরি বা প্রশাসনিক ত্রুটির আশঙ্কা করছেন তারা।

মানববন্ধন থেকে ফলাফল তদন্ত, প্রয়োজন হলে পুনর্মূল্যায়ন, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিশ্চিত এবং পাঁচ কর্মদিবসের মধ্যে সঠিক ফল প্রকাশের দাবি জানানো হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা একেএম আনোয়ার হোসেন বলেন, অভিভাবকদের আবেদন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো হবে। ওএমআর পদ্ধতিতে ফল তৈরির সময় কোনো কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন