বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

স্বাস্থ্যগত কারণে পদত্যাগের দুই দিন পর গুলশানের ব্যক্তিগত বাসভবনে উঠলেন

প্রকাশিত: জুলাই ২৬, ২০২৬; সময়: ৩:৪২ pm | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বঙ্গভবন ত্যাগ করেছেন। রোববার (২৬ জুলাই) দুপুর প্রায় ২টা ৪০ মিনিটে তিনি সপরিবারে বঙ্গভবন থেকে বের হয়ে রাজধানীর গুলশানে অবস্থিত তার ব্যক্তিগত বাসভবনে ওঠেন।

এর আগে গত শুক্রবার (২৪ জুলাই) স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। তার পদত্যাগপত্র পাওয়ার পর স্পিকার আনুষ্ঠানিকভাবে বিষয়টি ঘোষণা করেন এবং সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের কথাও জানান।

মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব ছাড়েন মো. সাহাবুদ্দিন।

আওয়ামী লীগ সরকারের আমলে ২০২৩ সালের ২৪ এপ্রিল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

দায়িত্ব গ্রহণের প্রায় ১৬ মাস পর দেশের রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে তিনি পদত্যাগের দাবিতে বিভিন্ন আন্দোলন ও বিক্ষোভের মুখে পড়েন। পরবর্তীতে স্বাস্থ্যগত কারণ উল্লেখ করে তিনি রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান।

রাষ্ট্রীয় বিধান অনুযায়ী সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি প্রাপ্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। বর্তমানে তিনি রাজধানীর গুলশানের ব্যক্তিগত বাসভবনে অবস্থান করছেন।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন