১৮ মন্ত্রীর পুলিশ এসকর্ট প্রত্যাহার

জনবল ও ব্যয় সংকোচনের কারণে সিদ্ধান্ত, এখন এসকর্ট সুবিধা পাচ্ছেন ৬ মন্ত্রী ও একজন উপদেষ্টা

প্রকাশিত: জুলাই ২৭, ২০২৬; সময়: ১০:৫৬ am | 
খবর > জাতীয়

পদ্মাটাইমস ডেস্ক : সরকারি ব্যয় কমানো এবং পুলিশ বাহিনীতে জনবল ও যানবাহনের সংকট মোকাবিলায় ১৮ জন মন্ত্রীর পুলিশ এসকর্ট (প্রটোকল) প্রত্যাহার করা হয়েছে। এখন কেবল ছয়জন মন্ত্রী এবং একজন মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টা এ সুবিধা পাচ্ছেন।

সংশ্লিষ্ট একাধিক মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তারা জানিয়েছেন, গত সপ্তাহ থেকে ধাপে ধাপে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, যেসব মন্ত্রীর এসকর্ট প্রত্যাহার করা হয়েছে, তারা সরকারি বিধি অনুযায়ী ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান পাবেন। তবে সরকারি বাসভবনের নিরাপত্তা (হাউস গার্ড) এবং ঢাকার বাইরে সফরের সময় বিশেষ পুলিশি নিরাপত্তা আগের মতোই বহাল থাকবে।

বর্তমানে এসকর্ট সুবিধা পাচ্ছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণ ও মহিলা-শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং মন্ত্রী পদমর্যাদার পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

অন্যদিকে ধর্ম, পরিবেশ, মুক্তিযুদ্ধবিষয়ক, সংস্কৃতি, ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, শিল্প, বস্ত্র, পাট ও বাণিজ্য, শ্রম ও কর্মসংস্থান, তথ্য ও সম্প্রচার, কৃষি, পানিসম্পদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, আইন, গৃহায়ন ও গণপূর্ত, শিক্ষা, স্বাস্থ্য, ডাক ও তথ্যপ্রযুক্তি এবং সড়ক পরিবহন, সেতু, রেলপথ ও নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ১৮ মন্ত্রীর এসকর্ট সুবিধা প্রত্যাহার করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন