মহাদেবপুরে বাড়ির পানি যাওয়াকে কেন্দ্র করে মারপিটে আহত ৩

প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৩; সময়: ৪:৪৩ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে বাড়ীর পানি যাওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে মারপিটে ৩ জন আহতের ঘটনায় গতকাল শুক্রবার ৬ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার মহিষবাথান (বামনদহ) গ্রামের রফিজ উদ্দিনের ছেলে ওমর ফারুক সুজনের বাড়ির পাশের ড্রেন দিয়ে প্রতিবেশীদের বাড়ির পানিসহ বৃষ্টির পানি বয়ে যায়।

এ পানি যাওয়াকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার সকালে প্রতিবেশীদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত আজাহার হোসেনের ছেলে মামুন, মৃত খলিলুর রহমানের ছেলে শরিফুল ইসলাম (ভুট্টু) তার ছেলে সাকিব হোসেন, স্ত্রী লাকি বেগম, মজিবর রহমানের ছেলে হবিবর রহমান, মৃত ওলি মোহাম্মদের ছেলে বাবলুসহ অজ্ঞাত আরো কয়েকজন সুজনকে বেদম মারপিট করে তার পকেটে থাকা নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

এসময় তার চিৎকারে ছেলে আব্দুল আওয়াল (১২) ও বাবা রফিজ উদ্দিন (৭৫) এগিয়ে এলে প্রতিপক্ষের লোকজন তাদেরকেও বেদম মারপিট করতে থাকে।

এতে আওয়াল হোসেনের একটি হাত ভেঙে যায় ও আসামীদের হাসুয়ার কোপে সুজনের মাথা কেটে গুরুতর জখম হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আওয়াল ও
তার দাদা রফিজ উদ্দীনকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে প্রেরণ করেন।

সুজনের মাথায় বেশ কয়েটি সেলাই লাগলেও তিনি আশঙ্কামুক্ত হওয়ায় মহাদেবপুর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন