জামায়াত ফেরেশতার দল নই, ভুলত্রুটি হলে সংশোধন করব: শফিকুর রহমান

দলের নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান, গণভোট ও আইনশৃঙ্খলা নিয়েও সরকারের সমালোচনা

প্রকাশিত: জুলাই ২৪, ২০২৬; সময়: ৪:০৭ pm | 
খবর > রাজনীতি

পদ্মাটাইমস ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী কোনো ফেরেশতার দল নয়। দলটির নেতাকর্মীদেরও ভুলত্রুটি হতে পারে। তবে কেউ ভুল করলে তা সংশোধনে কঠোর অবস্থান নেওয়া হবে।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর কাকরাইলে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ। আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না—এটা বলছি না। আমাদের ভুল ধরিয়ে দিন, আমরা তা সংশোধন করব।

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, নৈতিকতার প্রশ্নে কোনো ছাড় দেওয়া হবে না। সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে।

তিনি বলেন, সাদা কাপড়ে দাগ লাগলে তা সহজেই চোখে পড়ে। তাই নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নেই। ভুলের মাত্রা বেশি হলে কঠিন সিদ্ধান্ত নিতেও আমরা পিছপা হব না।

ধর্মীয় মূল্যবোধের প্রসঙ্গ তুলে জামায়াত আমির বলেন, মানুষকে সবসময় আত্মসমালোচনা ও আত্মসংশোধনের চর্চা করতে হবে। তার ভাষায়, শয়তান মানুষকে বিপথে নেওয়ার চেষ্টা করে, তাই নেতা-কর্মীদের সর্বক্ষেত্রে সততা ও নৈতিকতা বজায় রাখতে হবে।

তিনি আরও বলেন, সব যুগেই কিছু অপরাধপ্রবণ মানুষ ছিল। তাই নিজেদের সংশোধনের চেষ্টা অব্যাহত রাখতে হবে। ধানের মধ্যে চিটা থাকতেই পারে-এ মন্তব্য করে তিনি দলের ভেতরেও ব্যতিক্রম থাকতে পারে বলে ইঙ্গিত দেন।

রাজনৈতিক প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আন্তর্জাতিক অঙ্গনেও পড়েছে। তবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি কোনো হস্তক্ষেপ কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

গণভোট ইস্যুতে সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি অভিযোগ করেন, সরকার এক ক্ষেত্রে জনগণের রায় মেনে নিলেও অন্য ক্ষেত্রে তা উপেক্ষা করছে।

তিনি বলেন, জনগণের জন্য সংবিধান, সংবিধানের জন্য জনগণ নয়। সমাধান যদি সংসদে না হয়, তাহলে রাজপথে হবে, যেমনটি ২০২৪ সালে হয়েছিল।

সরকারের উদ্দেশে তিনি আরও বলেন, সংবিধান নিয়ে অতিরিক্ত টানাপোড়েন না করে জনগণের মতামতকে সম্মান জানানো উচিত।

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের আমির। তিনি বলেন, খুন, মাদকসহ বিভিন্ন অপরাধ বেড়েছে এবং এ বিষয়ে সরকারের আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন