নিয়ামতপুরে পৃথক ঘটনায় নি’হত ২

প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৩; সময়: ২:২৮ pm | 
খবর > আঞ্চলিক

নিজস্ব প্রতিবেদক, নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাতে নিজ শয়ন কক্ষে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করেন তিনি।

সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। মৃত- আবুল হাসনাত (২৮), উপজেলার রসুলপুর ইউনিয়নের অমৃতপুর গ্রামের মনসুর রহমানের ছেলে। বর্তমানে নিয়ামতপুর উপজেলা সদরের বাবু বাজারে বসবাস করেন।

থানা ও পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার (৩ নভেম্বর) রাতের খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পড়ে। সকালে বাড়ির অন্যান্য সদস্যরা তার শয়ন কক্ষে দেখে যে, বৈদ্যুতিক পাখার সাথে গলায় দঁড়ি পেঁচিয়ে ঝুলে আছেন।

সাথে সাথে থানায় সংবাদ দেয়া হয়। সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। পরিবার সূত্রে আরও জানা যায়, মৃত- আবুল হাসনাত বেশ কিছুদিন যাবৎ মানসিকভাবে টেনশনে ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

অপরদিকে শুক্রবার বেলা ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের জামুরহাট মোড়ে অটো ভ্যান ও ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে ভ্যানে থাকা আরোহী কমল চন্দ্র রায় (৭২) ও মিঠন রায় (৪০) গুরুতর আহত হন।

তাদের নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কমল চন্দ্র রায়কে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মিঠন রায়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

মৃত- কমল চন্দ্র রায় উপজেলার সদর ইউনিয়নের তেঘরিয়া গ্রামের মৃত- চন্দ্র রায়ের ছেলে এবং আহত একই গ্রামের মৃত- গতি রায়ের ছেলে।

এ বিষয়ে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম বলেন, নিহত কমল চন্দ্র রায়কে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

আহত অপর মিঠন রায়কে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে স্থানান্তর করা হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত মামলা দায়ের করা হয়েছে।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন