ট্রাক-অটোরিকশার সংঘর্ষে প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার একদিন পর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু

পদ্মাটাইমস ডেস্ক : লক্ষ্মীপুরে ডাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি চৌধুরী রুবেল (৩০)।
সোমবার (২৭ জুলাই) ভোরে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে রোববার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর শহরের মজুচৌধুরীরহাট সড়কের যুব উন্নয়ন অধিদপ্তরের সামনে দুর্ঘটনাটি ঘটে।
নিহত রুবেল লক্ষ্মীপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাঞ্চানগর এলাকার বাসিন্দা এবং ফারুক হোসেন চৌধুরীর ছেলে। তিনি জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রুবেল সিএনজিচালিত অটোরিকশার যাত্রী ছিলেন। এ সময় দ্রুতগতির একটি ডাম্প ট্রাক অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার মাথা, হাত ও পায়ে মারাত্মক আঘাত লাগে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনি মারা যান।
লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন মুন্না রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহত ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা গেছেন বলে তারা জানতে পেরেছেন।
তিনি আরও বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




