ঢাকায় আসছে আইএমএফের প্রতিনিধি দল

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৫; সময়: ১:২৫ pm | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিনিধি দল চলতি এপ্রিল মাসে ঢাকায় আসছে। চলমান ৪৭০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ ২৩৯ কোটি ডলার পেতে যাচ্ছে, যার আগে বিভিন্ন শর্ত পর্যালোচনা করবে আইএমএফ।

অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী, ৫ এপ্রিল প্রতিনিধি দল ঢাকায় পৌঁছাবে এবং ৬ এপ্রিল থেকে দুই সপ্তাহব্যাপী বৈঠক করবে। সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা শেষে ১৭ এপ্রিল একটি প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

এই সফরে অর্থ বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বিদ্যুৎ বিভাগ, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। এছাড়া সফরের প্রথম ও শেষ দিনে আইএমএফের দল অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক করবে।

২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ আইএমএফের সঙ্গে ঋণ চুক্তি স্বাক্ষর করে। এরপর তিনটি কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। আগামী জুনে চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের জন্য আলোচনা চলছে।

তবে এ ঋণের অর্থ পেতে বাংলাদেশের জন্য কয়েকটি শর্ত রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো মুদ্রা বিনিময় হারকে বাজারভিত্তিক করা, জিডিপির দশমিক ৫ শতাংশ হারে বাড়তি রাজস্ব আদায় এবং রাজস্ব নীতি থেকে রাজস্ব প্রশাসনকে আলাদা করা।

বাংলাদেশ কর্তৃপক্ষ আইএমএফকে জানিয়েছে, এসব শর্ত বাস্তবায়নের প্রতিশ্রুতি রয়েছে। তবে এখন পর্যন্ত শুধুমাত্র রাজস্ব প্রশাসনকে আলাদা করার বিষয়ে কার্যক্রম এগিয়েছে। অন্যদিকে, বিনিময় হার নিয়ন্ত্রণে ক্রলিং পেগ পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, ফলে ডলারের মূল্য ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে।

আইএমএফের এই সফর এবং আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে ঋণের পরবর্তী কিস্তি পাওয়ার সম্ভাবনা।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন