বিদ্যুতের দাম ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব পিডিবির

প্রকাশিত: মে ২০, ২০২৬; সময়: ৪:৩৯ pm | 
খবর > অর্থনীতি

পদ্মাটাইমস ডেস্ক:  পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ইউনিট প্রতি প্রায় দেড় টাকা বা সর্বোচ্চ ২১ শতাংশ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

বুধবার (২০ মে) সকালে রাজধানীর কেআইবি মিলনায়তনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) গণশুনানিতে এ প্রস্তাব উপস্থাপন করা হয়।

শুনানিতে পিডিবির প্রধান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, চলতি অর্থবছরে বিদ্যুৎ খাতে প্রায় ৬২ হাজার কোটি টাকা এবং আগামী অর্থবছরে প্রায় ৬৫ হাজার কোটি টাকার ঘাটতি হতে পারে। এই পরিস্থিতিতে বিদ্যুতের দাম সমন্বয় না করলে পুরো খাত বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

তবে প্রস্তাবিত মূল্যবৃদ্ধির তীব্র বিরোধিতা করেন রাজনৈতিক নেতা, ব্যবসায়ী প্রতিনিধি, ভোক্তা অধিকার সংগঠন ক্যাবসহ বিভিন্ন অংশীজন। তাদের অভিযোগ, বিদ্যুৎ খাতের অনিয়ম ও লুটপাটের দায় সাধারণ গ্রাহকের ওপর চাপানো হচ্ছে।

অংশীজনরা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যে আবারও বিদ্যুতের দাম বাড়ানো হলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাবে। পাশাপাশি শিল্প ও উৎপাদন খাতেও এর নেতিবাচক প্রভাব পড়বে এবং উদ্যোক্তারা প্রতিযোগিতায় পিছিয়ে পড়বেন।

তারা বিদ্যুতের দাম বাড়ানোর পরিবর্তে উল্টো কমানোর উদ্যোগ নেওয়ার দাবি জানান।

এদিকে, গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর আবেদনের ওপর বৃহস্পতিবার গণশুনানি অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিইআরসি।

পদ্মাটাইমস ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন