টানা বৃষ্টিতে সবজির বাজারে আগুন, মরিচ ২০০ টাকা কেজি
সরবরাহ সংকটে এক সপ্তাহে অধিকাংশ সবজির দাম বেড়েছে ২০–৪০ টাকা, চাপে সাধারণ ক্রেতা

পদ্মাটাইমস ডেস্ক : টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে অস্থিরতা দেখা দিয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজির সরবরাহ ব্যাহত হওয়ায় এক সপ্তাহের ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে বাজারে বেশির ভাগ সবজির দাম ১০০ টাকার আশপাশে বা তার ওপরে পৌঁছেছে। ভালো মানের কাঁচা মরিচ বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০০ টাকায়।
শুক্রবার (১৭ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ব্যবসায়ীরা জানান, টানা বৃষ্টিতে সড়কপথে পরিবহন ব্যাহত হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে সবজিবাহী যানবাহন সময়মতো রাজধানীতে পৌঁছাতে পারছে না। একই সঙ্গে ভারী বৃষ্টিতে অনেক এলাকার সবজিখেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম ঊর্ধ্বমুখী হয়েছে।
বর্তমানে বাজারে প্রতি কেজি বেগুন ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢেঁড়স ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগের তুলনায় এসব সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।
এছাড়া এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। সাধারণ মানের কাঁচা মরিচের কেজি ১৬০ থেকে ১৮০ টাকা এবং উন্নত মানের কাঁচা মরিচ ২০০ টাকায় বিক্রি হচ্ছে। তবে পেঁপের দাম তুলনামূলক কম রয়েছে। বর্তমানে প্রতি কেজি পেঁপে ৩০ থেকে ৪০ টাকা এবং গাজর ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
রাজধানীর টাউন হল বাজারের এক বিক্রেতা বলেন, বৃষ্টির কারণে সরবরাহ কমে যাওয়ায় বাজারে দাম বেড়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং তখন দামও কিছুটা কমতে পারে।
ক্রেতা আনিসুজ্জামান বলেন, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে দিচ্ছেন। এতে নিম্ন ও মধ্যম আয়ের মানুষের নিত্যপ্রয়োজনীয় বাজার করা দিন দিন আরও কঠিন হয়ে পড়ছে।




